পোশাক তৈরি করছেন শ্রমিকরা। ফাইল ছবি
২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএর সদস্য ২৮২টি এবং বিকেএমইএর ১২৩টিসহ মোট ৪০০’র বেশি গার্মেন্টস (পোশাক) কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, “বন্ধ কারখানাগুলোর নামের তালিকা সংগ্রহের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে”।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কারখানাগুলো বন্ধ হওয়ার পেছনে বেশ কিছু দেশীয় ও আন্তর্জাতিক কারণ তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে- বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির বিরূপ প্রভাব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মধ্যপ্রুাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং আমেরিকা-ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা। দেশের অভ্যন্তরে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা। অর্থ পাচারের কারণে ব্যাংকিং খাতে সৃষ্ট তারল্য সংকট। ইউরোপের সঙ্গে ভারত ও ভিয়েতনামের মুক্ত বাণিজ্য চুক্তি। বিদেশি ক্রেতাদের নিজস্ব মনিটরিংয়ের সুবিধার্থে ছোট ও মাঝারি কারখানায় রপ্তানি আদেশ দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ।
পোশাক খাতের উন্নয়নে সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্ত্রী বলেন, “রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে ১ দশমিক ৫০ শতাংশ বিকল্প নগদ সহায়তা প্রদান। ইউরো অঞ্চলে বস্ত্রখাতের রপ্তানিকারকদের জন্য বিদ্যমান সুবিধার পাশাপাশি অতিরিক্ত শূন্য দশমিক ৫০ শতাংশ বিশেষ সহায়তা। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের (নিট, ওভেন ও সোয়েটার) অন্তর্ভুক্ত সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অতিরিক্ত ৩ শতাংশ সুবিধা প্রদান। তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা হিসেবে শূন্য দশমিক ৩০ শতাংশ প্রণোদনা প্রদান”।
দাম সহনীয় রাখতে সমন্বিত বাজার তদারকি চলছে
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং ভেজাল ও নকল পণ্য বাজারজাতকরণ বন্ধে দেশব্যাপী সমন্বিত বাজার তদারকি চলছে”।
মন্ত্রী এসময় ভেজাল, নকল ও নিম্নমানের পণ্য বাজারজাতকরণ বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমের আওতায় বাজারে ভেজাল প্রতিরোধ, অসাধু ব্যবসা দমন এবং তদারকি কার্যক্রমের প্রতিবেদন প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে কারসাজি বা অসাধু উপায় অবলম্বনকারীদের সতর্ক করে মন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে”।
এআরটি থাকায় মার্কিন বাজারে বাংলাদেশ রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়েছে
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এগ্রিমেন্ট অন রিসিপরোকাল ট্রেড(এআরটি) স্বাক্ষরিত থাকায় বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের হার ১০% নির্ধারণ করা হয়। ফলে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সমর্থ হয়েছে”।
ভূমিকম্পসহ বড় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৭০ হাজার স্বেচ্ছাসেবক
নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।