× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইটার জাহাজের সংকট, বিপাকে আমদানিকারকরা

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ পিএম

কোলাজ: এআই

কোলাজ: এআই

ব্রাজিল থেকে ৫৬ হাজার টন সয়াবিন নিয়ে গত ২২ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি সিএল হায়াকু’। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ৪ থেকে ৫ হাজার টন করে সয়াবিন খালাস হলে ১০ থেকে ১১ দিনের মধ্যে পণ্য খালাস শেষ হওয়ার কথা। সে হিসাবে ২ সেপ্টেম্বর জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিল। তবে গত সোমবার সরেজমিনে দেখা যায়, লাইটার জাহাজের সংকটে ৯ দিনেও অর্ধেক সয়াবিন খালাস করা সম্ভব হয়নি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এশিয়াবাল্ক মেরিটাইম প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘স্বাভাবিক সময়ে দিনে ৪ থেকে ৫ হাজার মেট্রিক টন পণ্য খালাস হলেও বর্তমানে ১ থেকে ২ হাজার টন খালাস হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস শেষ করা যাচ্ছে না।’

তার মতে, ‘এ বিলম্বে শিপিং এজেন্টের সরাসরি ক্ষতি না হলেও আমদানিকারককে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। নির্ধারিত সময়ের পরও জাহাজ বহির্নোঙরে অবস্থান করলে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ বা অতিরিক্ত খরচ দিতে হতে পারে আমদানিকারককে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সোমবার বন্দরের বহির্নোঙরে খাদ্যশস্য, সার, ক্লিংকার, চিনি, লবণ, কয়লা ও স্ক্র্যাপসহ বিভিন্ন পণ্য নিয়ে অন্তত ৭৪টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে কুতুবদিয়া বহির্নোঙরে ছিল ৫৫টি। বাকি ১৯টি ছিল আলফা, ব্র্যাভো ও চার্লি বহির্নোঙরে। এসব জাহাজের অনেকগুলো ২০ দিন থেকে এক মাস পর্যন্ত বহির্নোঙরে অবস্থান করছে।

এর মধ্যে ইউক্রেন থেকে ৫৫ হাজার টন গম নিয়ে গত ২ আগস্ট আসা ‘এমভি দং ই’ ২৭ দিন পরও পণ্য খালাস করে ফিরতে পারেনি। ২৮ আগস্ট রোমানিয়া থেকে ৫৪ হাজার টন গম নিয়ে আসা ‘এমভি সিন হাই টং ৫৯’ তিন দিন পরও পুরোদমে খালাস শুরু করতে পারেনি। আবার ৫৫ হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে গত ২ মে আসা ‘এমভি ম্যানিলা ট্রেডার’ তিন মাস পরও পণ্য খালাস করে বন্দর ছাড়তে পারেনি। শুধু এই কয়েকটি জাহাজটি নয়, এমন অর্ধশতাধিক জাহাজে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। 

আমদানিকারকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি বড় জাহাজ থেকে দিনে প্রায় ১ হাজার টন করে পণ্য খালাস করতে পাঁচটি লাইটার জাহাজ প্রয়োজন হলেও অনেক সময় এক থেকে দুটি লাইটার জাহাজ বরাদ্দ পাওয়া যাচ্ছে। এতে বহির্নোঙরে বড় জাহাজের (মাদার ভেসেল) গড় অবস্থান বাড়ছে। এতে নির্ধারিত সময়ে কাঁচামাল না পৌঁছানোয় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ভোক্তা পর্যায়ে বেড়ে যাচ্ছে পণ্যের দাম। 

বিডব্লিউটিসিসির তথ্য বলছে, ৩০ আগস্ট ২২টি বড় জাহাজের বিপরীতে ৫০টির বেশি লাইটার জাহাজের চাহিদা থাকলেও বরাদ্দ দেওয়া হয় মাত্র ১৯টি। ২৯ আগস্ট ২৫টি মাদার ভেসেলের বিপরীতে শতাধিক লাইটার জাহাজের চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হয় ৫৪টি। 

বিডব্লিউটিসিসির মুখপাত্র পারভেজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত ৮ থেকে ১০ দিন ধরে চাহিদা অনুযায়ী লাইটার জাহাজ দেওয়া যাচ্ছে না। নিবন্ধিত প্রায় ১ হাজার ৫০টি লাইটার জাহাজের মধ্যে প্রায় ৪০০টি বিডব্লিউটিসিসির অধীনে চলছে না। ফলে সিরিয়াল অনুযায়ী জাহাজ বরাদ্দে সংকট তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বহির্নোঙর থেকে পণ্য নিয়ে যাওয়া অনেক লাইটার জাহাজ বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পণ্য খালাস করে ফিরতে পারছে না। পাশাপাশি সিরিয়ালের বাইরে চলা প্রায় ৪০০ জাহাজ আমদানিকারকদের সঙ্গে সরাসরি সমঝোতায় পণ্য পরিবহন করছেডে

তিনি আরও বলেন, ‘কম ভাড়ায় সিরিয়ালের বাইরে জাহাজ চলাচলের কারণে পুরো ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। সব লাইটার জাহাজকে একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে না আনা গেলে সংকট আরও বাড়তে পারে।’


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা