গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বার্ষিক বিক্রি বা টার্নওভার ২ কোটি টাকা পর্যন্ত ব্যবসা ও কোম্পানিকে ন্যূনতম টার্নওভার কর থেকে অব্যাহতি দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন কাঠামোয় ২ কোটি থেকে ৩ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং ৩ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত শূন্য দশমিক ৫০ শতাংশ কর দিতে হবে। ৪ কোটি টাকার বেশি টার্নওভারে আগের মতো ১ শতাংশ কর বহাল থাকবে।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রস্তাবটির সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুমোদন করেছেন। এরপর সেটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের শুরুর দিকে এ বিষয়ে আদেশ জারি হতে পারে। মূলত তুলনামূলক কম টার্নওভার থাকা ছোট ব্যবসা ও কোম্পানির করের চাপ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ব্যবসা লাভ করুক বা লোকসানে থাকুক, টার্নওভারের ওপর ১ শতাংশ ন্যূনতম কর দিতে হয়। ফলে কম মুনাফা করা কিংবা লোকসানে থাকা ব্যবসার ওপরও এই করের বোঝা পড়ে।
এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক প্রস্তাবিত পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তার মতে, এতে ছোট ব্যবসা ও কোম্পানির করের চাপ কিছুটা কমবে। তবে তিনি মনে করেন, শেষ পর্যন্ত প্রকৃত আয়ের ভিত্তিতেই কর নির্ধারণ করা উচিত। এজন্য ন্যূনতম টার্নওভার কর ব্যবস্থা বিলুপ্ত করে প্রকৃত মুনাফার ওপর কর আরোপের পক্ষে মত দেন তিনি।
গত ২৪ আগস্ট অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে এফবিসিসিআই ধীরে ধীরে ১ শতাংশ ন্যূনতম টার্নওভার কর থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদও বর্তমান ব্যবস্থা থেকে সরে আসার পক্ষে মত দিয়েছেন।
২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ কোম্পানির বার্ষিক টার্নওভারের ওপর শূন্য দশমিক ৬০ শতাংশ ন্যূনতম কর ছিল। একই সময়ে কোম্পানি নয় এমন ব্যবসার ক্ষেত্রে ৪ কোটি টাকার বেশি টার্নওভারে শূন্য দশমিক ২৫ শতাংশ কর প্রযোজ্য ছিল।
২০২৫ সালের বাজেটে দুই শ্রেণির জন্যই ন্যূনতম টার্নওভার কর বাড়িয়ে ১ শতাংশ করা হয়। এতে কম মুনাফার ব্যবসার কার্যকর করের বোঝা বেড়ে যায়। একই সঙ্গে লোকসানে থাকা ব্যবসাকেও মুনাফা না থাকলেও কর দিতে হয়েছে।
কর বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তাবিত পরিবর্তনে ছোট ব্যবসা ও কম টার্নওভারের কোম্পানিগুলো কিছুটা স্বস্তি পাবে। তবে বড় ব্যবসা কম মুনাফা করলে বা লোকসানে থাকলে তাদের একই সমস্যার মুখোমুখি হতে হবে।
সনদপ্রাপ্ত হিসাববিদ ও এসএমএসি অ্যাডভাইজরির ব্যবস্থাপনা অংশীদার স্নেহাশিস বড়ুয়া মতে, প্রস্তাবিত হার কমানোর ফলে ছোট ব্যবসা কিছুটা সুবিধা পাবে। তবে বড় ব্যবসাগুলোও লোকসান কিংবা কম মুনাফার মধ্যে পরিচালিত হতে পারে।
তার মতে, এসব ব্যবসার জন্য কোনো ছাড় না থাকলে কার্যকর করের হার কমানোর উদ্যোগটি সীমিত ফল দেবে। বর্তমানে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করপোরেট করের হার ২৭ দশমিক ৫০ শতাংশ।
অন্যদিকে কোম্পানি নয় এমন ব্যবসার মালিকসহ ব্যক্তিশ্রেণির করদাতাদের সর্বোচ্চ আয়কর হার ৩০ শতাংশ। এফবিসিসিআই অর্থমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে ন্যূনতম টার্নওভার করের প্রভাবের কয়েকটি উদাহরণও তুলে ধরেছে।
সংগঠনটির হিসাবে, কোনো ব্যক্তিমালিকানাধীন ব্যবসার বছরে বিক্রি ৫০ লাখ টাকা হলে এবং মুনাফার হার ৫ শতাংশ হলে মুনাফা দাঁড়ায় ২ লাখ ৫০ হাজার টাকা। বিদ্যমান করমুক্ত আয়ের সীমার মধ্যে থাকায় ওই আয়ের ওপর নিয়মিত আয়কর দিতে হতো না।
তবে ১ শতাংশ ন্যূনতম টার্নওভার করের কারণে ব্যবসাটিকে ৫০ হাজার টাকা কর দিতে হতো। আবার বছরে বিক্রি ১ কোটি টাকা এবং মুনাফা ৫ লাখ টাকা হলে নিয়মিত আয়কর দাঁড়াত ১০ হাজার টাকা।
কিন্তু একই ব্যবসার জন্য ১ শতাংশ ন্যূনতম টার্নওভার করের পরিমাণ দাঁড়াত ১ লাখ টাকা। অর্থাৎ প্রকৃত আয়ের ভিত্তিতে হিসাব করা করের তুলনায় টার্নওভারভিত্তিক কর অনেক বেশি হতে পারে।
স্নেহাশিস বড়ুয়া বলেন, সাম্প্রতিক অর্থ আইনের সংস্কারে কর কাঠামোয় কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে ন্যূনতম টার্নওভার করের দায়কে উৎসে কর কর্তনের বিষয় থেকে আলাদা করা হয়েছে।
তবে আইনে নির্ধারিত ন্যূনতম টার্নওভার করের হার অপরিবর্তিত রয়েছে। লোকসানে থাকা কিংবা পরিচালনাগত চাপে থাকা প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে কর সমন্বয়ের সুযোগ তাৎক্ষণিক নগদ অর্থের সংকট কমাতে পারে না বলেও তিনি জানান।
টার্নওভার কম দেখানোর আশঙ্কা
প্রস্তাবিত ব্যবস্থায় ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর অব্যাহতি থাকায় কিছু ব্যবসা বিক্রি কম দেখাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে নির্ধারিত সীমার নিচে থেকে কর এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
অতীতেও ৪ কোটি টাকার বেশি টার্নওভারে ১ শতাংশ ন্যূনতম কর প্রযোজ্য হওয়ার সময় একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছিল। তখন কিছু ব্যবসা নির্ধারিত সীমা অতিক্রম না করতে কম টার্নওভার দেখিয়েছিল বলে অভিযোগ উঠেছিল।
তবে এনবিআরের ওই কর্মকর্তা বলেন, অতীতে টার্নওভার কম দেখানো ব্যবসাগুলোর বেশিরভাগের প্রকৃত টার্নওভার ২ কোটি টাকার বেশি ছিল। ফলে নতুন কাঠামোয় এ ধরনের কারসাজির সুযোগ তুলনামূলকভাবে কম থাকবে।
এনবিআরের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থা চালু হলেও অন্তত এক লাখ ব্যক্তি ও কোম্পানি কর দেওয়ার আওতায় থাকবে। কর্মকর্তাটির দাবি, নতুন কাঠামোর কারণে কর আদায় কমবে না, বরং বাড়তে পারে।
তিনি জানান, ব্যবসায়িক লেনদেন পর্যবেক্ষণ জোরদার করতে এনবিআর বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিজস্ব ব্যবস্থার সমন্বয় করছে। এর ফলে ব্যবসার প্রকৃত টার্নওভার গোপন করে কম দেখানো আগের তুলনায় কঠিন হবে।