× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশীয় পণ্য বিশ্ববাজারে নিতে ডিজাইনার পুল গড়ছে বিসিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:৪২ পিএম

ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে এর পরিধি নির্ধারণ ও ডিজাইনারদের জাতীয় পুল গঠনের বিষয়ে রবিবার বিসিকের বোর্ডরুমে এক সভার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে এর পরিধি নির্ধারণ ও ডিজাইনারদের জাতীয় পুল গঠনের বিষয়ে রবিবার বিসিকের বোর্ডরুমে এক সভার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশীয় পণ্যের নকশা উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে সেগুলোর জন্য দক্ষ ডিজাইনার তৈরি ও সম্পৃক্ত করার পাশাপাশি বাজারভিত্তিক নকশা উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।

ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নে এর পরিধি নির্ধারণ ও ডিজাইনারদের জাতীয় পুল গঠনের বিষয়ে রবিবার বিসিকের বোর্ডরুমে আয়োজিত এক আলোচনা সভায় এ উদ্যোগের কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

সভায় বিসিক নকশা কেন্দ্রের কার্যক্রম এবং ঐতিহ্যবাহী লোকশিল্পের উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়। দেশের ৬৪ জেলা থেকে সংগৃহীত ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় বিভিন্ন পণ্যের তথ্যও উপস্থাপন করা হয়। পণ্য নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় ঐতিহ্য, পণ্যের বৈশিষ্ট্য ও বাজার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না; আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নকশা, গুণগত মান, উৎপাদন সক্ষমতা ও বিপণনব্যবস্থার উন্নয়ন জরুরি। এ জন্য দেশের বিভিন্ন সেক্টরের সম্ভাবনাময় পণ্য চিহ্নিত করে প্রতিটি পণ্যের জন্য দক্ষ ডিজাইনারের একটি পুল গড়ে তোলার প্রস্তাব আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, “জাতীয় ডিজাইনার পুলে বিভিন্ন মাধ্যমের দক্ষ ও অভিজ্ঞ ডিজাইনারের পাশাপাশি বিপণন বিশেষজ্ঞদেরও যুক্ত করতে হবে”।

দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে ডিজাইন উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।


বিশিষ্ট ডিজাইনার বিবি রাসেল দেশীয় ডিজাইন ও ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের কারুশিল্পীদের সৃজনশীলতার প্রশংসা করে তিনি বলেন, “নিজস্ব ডিজাইন ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে হবে”।

প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার দেশীয় ডিজাইনের বিকাশে মেধাবী ও সম্ভাবনাময় ডিজাইনারদের চিহ্নিত করে তাদের কাজের সুযোগ ও আর্থিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। বিদেশি ডিজাইনের অনুকরণ না করে নিজস্ব ঐতিহ্য ও সৃজনশীলতার ভিত্তিতে নতুন নকশা তৈরির পরামর্শ দেন তিনি।

বুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রফেসর মো. জাকিউল ইসলাম জাতীয় ডিজাইনার পুলে অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় যোগ্য ও দক্ষ ডিজাইনার বাছাইয়ের ওপর জোর দেন তিনি।

আলোচনায় পাট, প্রাকৃতিক তন্তু ও কারুশিল্পভিত্তিক পণ্যের নকশা উন্নয়ন, ডিজাইনারদের দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমকে সম্পৃক্ত করা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে। একই সঙ্গে কাঁচামাল, ডিজাইন, যন্ত্রপাতি, উৎপাদন, বিপণন ও বাজার ব্যবস্থাপনাকে সমন্বিত করে একটি কার্যকর কাঠামো তৈরির সুপারিশ করা হয়।

সমাপনী বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, “ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে প্রথমেই পণ্যের বাজার নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিতে হবে। তরুণ ও মেধাবী শিল্পী-ডিজাইনারদের সুযোগ সৃষ্টি, দেশীয় কাঁচামালের ব্যবহার, পণ্যের নকশা ও উৎপাদন প্রযুক্তির উন্নয়ন এবং বাজার সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন”।

অংশীজনদের সুপারিশের ভিত্তিতে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার কথা জানান বিসিক চেয়ারম্যান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা