প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ২১:০৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২১:২১ পিএম
নতুন নিযুক্ত সিনিয়র কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের একটি সেশনে বুধবার বিভিন্ন নির্দেশনা দেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সেবা ও ডিজিটাল গ্রাহকসেবায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
নতুন নিযুক্ত সিনিয়র কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের একটি সেশনে বুধবার তিনি এ নির্দেশনা দেন।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিয়োগপ্রাপ্ত ১৫১ জন সিনিয়র কর্মকর্তার পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে এই বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর প্রথম ধাপে ২৫ জন সিনিয়র কর্মকর্তার অংশগ্রহণে গত ১৫ আগস্ট থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ২৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।
প্রশিক্ষণ সেশনে মহাপরিচালক বাহিনী ও ব্যাংকের সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে বাহিনীর অগ্রগতির সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সম্পৃক্ততা, ‘সঞ্জীবন’ প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের ভূমিকা এবং প্রযুক্তিনির্ভর সংস্কারের মাধ্যমে ব্যাংক আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে ব্যাংকের কার্যকর সম্পৃক্ততা আরও জোরদার করা হলে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে”।
এ ছাড়া ব্যাংকের সেবা ও কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
সেশনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিজিটাল ও প্রযুক্তিগত আধুনিকায়নে কোর ব্যাংকিং সিস্টেম (CBS) বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (BACH), ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB), BEFTN/EFT-সহ জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে ব্যাংককে সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
এসব প্রযুক্তিগত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবা, আন্তঃব্যাংক লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত, নিরাপদ, সহজ ও আধুনিক হবে বলে প্রশিক্ষণে প্রত্যাশা ব্যক্ত করা হয়।