বাসস
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০৮:৫২ এএম
বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফাইল ছবি
দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ১০৫(৩)(ক) বিধান অনুযায়ী আন্তর্জাতিক রিকোয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম ২১.৮৭৮ মার্কিন ডলার নির্ধারণ করে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনার সুপারিশ করা হয়। অগ্রিম আয়করসহ এক কার্গো এলএনজির মোট মূল্য ধরা হয়েছে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা ৯২ পয়সা।
এ ছাড়া আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য একই প্রতিষ্ঠানের কাছ থেকে আরেক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়, যার প্রতি এমএমবিটিইউর দাম ধরা হয়েছে ২১.৭৭৮ মার্কিন ডলার। অগ্রিম আয়করসহ মোট ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা ৯২ পয়সা।
অগ্রিম আয়করসহ (এআইটি) দুই কার্গো এলএনজি ক্রয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় এক হাজার ৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রযোজ্য বিধান অনুযায়ী প্রস্তাবটি বিবেচনা করে অনুমোদন দেয়।