× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ-রেমিট্যান্সে স্বস্তি বিনিয়োগে অস্বস্তি

আহমেদ তোফায়েল

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:৫৫ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

ছয় মাস আগে অর্থনীতির সামনে ছিল অনেকগুলো প্রশ্ন। মূল্যস্ফীতি ছিল উচ্চ। বিনিয়োগে ছিল স্থবিরতা। ব্যাংক খাতে জমছিল খেলাপি ঋণের পাহাড়। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছিল চাপে। এর সঙ্গে ছিল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিন পেরিয়েছে। এই সময়ে অর্থনীতির সব সমস্যার সমাধান হয়নি। তবে কিছু ক্ষেত্রে পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

রিজার্ভ বেড়েছে। রেমিট্যান্সে এসেছে রেকর্ড প্রবাহ। রপ্তানিতেও কিছুটা গতি দেখা গেছে। মূল্যস্ফীতির হারও সাম্প্রতিক সময়ে কমেছে। কিন্তু অন্য চিত্রটিও কম গুরুত্বপূর্ণ নয়। বিনিয়োগে গতি নেই। বেসরকারি খাতে ঋণপ্রবাহ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে। আর মানুষের জীবনে বাজারদরের চাপ এখনও বড় বাস্তবতা। 

অর্থনীতির এই দুই চিত্র পাশাপাশি রাখলে গত ১৮০ দিনের অঙ্ক অনেকটা এমন— বড় ধরনের পতন থেকে সামলে উঠেছে অর্থনীতি, কিন্তু এখনও জোরে দৌড়ানোর অবস্থায় যায়নি।

মূল্যস্ফীতি কমেছে, স্বস্তি আসেনি 

চলতি বছরের জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এরপর নির্বাচনের মাস ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ হয়। সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ১৩ শতাংশে। খাদ্য মূল্যস্ফীতিও উঠে যায় ৯ দশমিক ৩০ শতাংশে। ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে কিছুটা স্বস্তি আসে। মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়ায় ৮.৭১ শতাংশ। যদিও পরের মাস এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয় ৯ দশমিক শূন্য ৪ শতাংশ। মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। জুনে তা কমে ৯ দশমিক ১৬ শতাংশ হয়। খাদ্য মূল্যস্ফীতিও ৯ দশমিক ০৬ শতাংশ থেকে কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়ায়। জুলাইয়ে এসে মূল্যস্ফীতির হার আরও কমে। সাধারণ মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৩২ শতাংশে। যা আট মাসের মধ্যে সর্বনিম্ন। 

২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৬৮ শতাংশে নেমেছে। আগের অর্থবছরে তা ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। গড় খাদ্য মূল্যস্ফীতিও ১০ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৬ শতাংশ হয়েছে। সংখ্যাগুলো কিছুটা স্বস্তির। কিন্তু সাধারণ মানুষের জন্য বড় প্রশ্ন হলো, বাজারে আগের বাড়তি দাম কতটা কমেছে। মূল্যস্ফীতির হার কমা মানে দাম কমে যাওয়া নয়। বরং দাম বাড়ার গতি কমে যাওয়া। ফলে মানুষের প্রকৃত স্বস্তির জন্য আয় ও ক্রয়ক্ষমতা বাড়াও জরুরি। সেটা বাড়েনি। 

রিজার্ভে ফিরেছে বড় স্বস্তি 

১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল প্রায় ২৯ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। ১২ আগস্ট দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে। বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ব্যবহারযোগ্য রিজার্ভ এখন প্রায় ২৯ বিলিয়ন ডলার। মাসে গড়ে ৫ বিলিয়ন ডলার আমদানি ব্যয় ধরলে এই অর্থ দিয়ে সাড়ে পাঁচ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণভাবে তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভকে নিরাপদ ধরা হয়। আগের সরকারের শেষ সময়ে ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। ফলে বর্তমান অবস্থান বৈদেশিক খাতে বড় ধরনের স্বস্তি তৈরি করেছে।

রেমিট্যান্সে রেকর্ড, রপ্তানিতেও ভরসা  

রেমিট্যান্সের প্রবাহেও বড় পরিবর্তন এসেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাস ফেব্রুয়ারিতে এসেছে ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার। মার্চে তা বেড়ে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে ওঠে। এপ্রিল ও মে মাসে এসেছে যথাক্রমে ৩ দশমিক ১৩ ও ৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। জুলাইয়ে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা। আগের বছরের জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি ডলার। আগের অর্থবছরে ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। এক বছরে বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।

রপ্তানিতেও জুলাইয়ে এসেছে ৪৭২ কোটি ডলার। সর্বশেষ ১২ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। তবে আগের বছরের জুলাইয়ের ৪৭৭ কোটি ডলারের তুলনায় আয় কমেছে। তৈরি পোশাক ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের প্রবৃদ্ধি কমলেও চামড়া, হোমটেক্সটাইল, পাট ও পাটজাত পণ্যে রপ্তানি বেড়েছে।

বিনিয়োগের জায়গায় সবচেয়ে বড় অস্বস্তি  

অর্থনীতিতে দীর্ঘমেয়াদি গতি আনতে বিনিয়োগের বিকল্প নেই। অথচ এখানেই এখন সবচেয়ে বড় অস্বস্তি। গত ১৮০ দিনে বেসরকারি বিনিয়োগের নির্ভরযোগ্য পরিসংখ্যান এখনও তৈরি হয়নি। তবে ব্যাংকঋণের প্রবাহ সেই পরিস্থিতির একটি নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৪৭ শতাংশে। ইতিহাসে এটি সর্বনিম্ন। মে মাসে এই হার ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের হিসাবে, ১৯৯৩ সালের পর এত কম ঋণপ্রবৃদ্ধি আর দেখা যায়নি। এর পেছনে ব্যবসায়ীদের অনাগ্রহের পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা কাজ করছে। বন্ধ শিল্পকারখানা চালু করার ক্ষেত্রেও জোরালো উদ্যোগের ঘাটতি রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রপ্তানি চাহিদা কমে যাওয়া, মানুষের আয় কম থাকা এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে এগোচ্ছেন না। গ্যাস সংকটের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না বলেও তিনি জানান।

মূল্যস্ফীতি বেশি থাকায় ঋণের চাহিদাও কমেছে বলে তার মত। কারণ বিনিয়োগ না হলে ঋণ নেওয়ার প্রয়োজনও কমে যায়। রপ্তানি আদেশ কম থাকায় আমদানি ঋণপত্র খোলার প্রবণতাও প্রায় স্থবির। এ অবস্থায় অর্থনীতিতে শুধু স্থিতি ফিরলেই হবে না। বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনতে হবে।

ব্যাংক খাত এখনও বড় বোঝা  

অর্থনীতির আরেকটি বড় দুর্বল জায়গা ব্যাংক খাত। ২০২৫ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা (মোট ঋণের ৩০.৬০%)। তিন মাস পর, ২০২৬ সালের মার্চে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা। ফলে মোট ঋণের মধ্যে খেলাপি ঋণের অংশও বেড়ে হয় ৩২.২৬%। অর্থাৎ ব্যাংক খাতের এই পুরোনো সংকট আরও গভীর হয়েছে।

তবে সংস্কারের কাজও শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে মধ্যমেয়াদি রোডম্যাপ দিয়েছে। এতে ঋণ আদায়, তদারকি, আইনি সংস্কার এবং আন্তর্জাতিক হিসাবমান অনুসরণের বিষয় রাখা হয়েছে। দুর্বল ব্যাংক পুনর্গঠন, আমানত সুরক্ষা ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি শক্তিশালী করতে বিশ্বব্যাংক ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।

তবে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নতুন সরকারের আগেই বাংলাদেশ ব্যাংক শুরু করেছিল। বর্তমান সরকার সেটি এগিয়ে নিয়েছে। তাই এটিকে পুরোপুরি সরকারের প্রথম ১৮০ দিনের নতুন উদ্যোগ বলা যাবে না।

প্রবৃদ্ধি ঘুরেছে, কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় নয় : অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ সূচক হলো প্রবৃদ্ধি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ। আগের অর্থবছরের চূড়ান্ত হিসাবে এই প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

কিন্তু সরকারের সামনে লক্ষ্য আরও বড়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। বর্তমান বাস্তব প্রবৃদ্ধির সঙ্গে এই লক্ষ্যের ব্যবধান তাই বেশ বড়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল এপ্রিলে ২০২৬ সালের প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল। বিনিয়োগ দুর্বল থাকা এবং আর্থিক খাতের সমস্যাকে দ্রুত উচ্চ প্রবৃদ্ধিতে ফেরার পথে ঝুঁকি হিসেবে দেখেছে প্রতিষ্ঠানটি।

তবে অর্থনীতির ভেতরে কিছু প্রাণচাঞ্চল্যের লক্ষণও দেখা গেছে। অর্থনীতিতে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই হলো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নির্দেশক বা সূচক। এটি কোনো দেশের উৎপাদন, সেবা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির বর্তমান ও ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্দেশ করে। বাংলাদেশে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে এই সূচক প্রকাশ করে। সর্বশেষ জুলাই ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের সামগ্রিক পিএমআই সূচক ৫৭.৮ পয়েন্টে উন্নীত হয়েছে, যা উৎপাদন ও সেবা খাতের শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার নির্দেশ করছে।

অর্থনীতিবিদদের মূল্যায়ন

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মূল্যায়ন হলো, সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। কিন্তু মানুষের জীবনযাত্রার সংকট কাটেনি। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, দারিদ্র্য ও বিনিয়োগে দ্রুত দৃশ্যমান অগ্রগতি হয়নি।

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রিজার্ভ ও রেমিট্যান্সের উন্নতি স্বস্তির খবর। কিন্তু এটিকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার বলা যাবে না। বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংকিং খাতের সংস্কার, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি।

গত ১৮০ দিনের অর্থনীতির গল্প তাই একেবারে সাদা-কালো নয়। একদিকে রিজার্ভ বেড়েছে, রেমিট্যান্সে রেকর্ড হয়েছে, মূল্যস্ফীতি কমার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে বিনিয়োগ স্থবির, ঋণপ্রবাহ দুর্বল এবং ব্যাংক খাতের সংকট গভীর। অর্থনীতির জন্য এখন মূল প্রশ্ন স্থিতি ফিরেছে কি না, সেটি নয়। বরং এই স্থিতিকে কত দ্রুত মানুষের আয়, কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে রূপ দেওয়া যায়Ñ সেটিই হবে আগামী দিনের বড় পরীক্ষা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা