বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার কর্মসূচি উদ্বোধন করে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) উদ্যোগে বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফেডারেশনের নেতৃবৃন্দ, ফকিরেরপুল এলাকার শ্রমিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কল্যাণ সমিতি, ওমেন্স ফোরাম, জাসাস ও খালেদা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
প্রচারাভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন সিবিএর সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেনের নেতৃত্বে সিবিএ নেতৃবৃন্দ জনতা ব্যাংক মোড়, ক্লাবপাড়া ও ফকিরেরপুল কালভার্ট সড়ক এলাকায় প্রচার চালান।
এ সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হয়।
পাশাপাশি নতুন হিসাব খোলার বিষয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়।
প্রচারকালে ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সিবিএ নেতৃবৃন্দ।
আয়োজকেরা জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও জনপ্রিয় করার লক্ষ্যেই এ প্রচারণা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া এবং নিরাপদ লেনদেনে উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলেও জানান তারা।