× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ প্রতিষ্ঠানের ৬৯৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১১:০২ এএম

আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১১:০৫ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ কমাতে সরকার বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির সুযোগ দেয়। এ সব কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে তা রপ্তানি করার শর্ত ছিল। তবে চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় আনা কাপড় ও কাপড়জাত পণ্য বিক্রি করে দিচ্ছেন খোলাবাজারে। 

গত পাঁচ মাসে বন্ড সুবিধায় আমদানি করা পণ্য বন্ডেড ওয়্যারহাউস থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও দুটি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বন্ডেড সুবিধায় এসব কাঁচামাল আমদানি করে ছয়টি প্রতিষ্ঠান ৬৯৬ কোটি টাকা শুল্ক মওকুফের সুবিধা নিয়েছিল। বর্তমান কমিশনার যোগদান করার পর গত ৫ মাসে এ ধরনের ঘটনায় ৪টি আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১১০ কোটি ৬৯ লাখ টাকার রাজস্ব জড়িত। মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বন্ড সুবিধায় আনা পণ্য ওয়্যারহাউস থেকে সরিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট। প্রতিষ্ঠান দুটি বন্ডেড সুবিধায় প্রায় ৫৮৫ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা শুল্ক মওকুফ নিয়েছিল।


চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম নগরের স্ট্র্যান্ড রোডের বাংলা বাজার এলাকার মেসার্স জাদিদ অ্যাপারেলসের বিরুদ্ধে বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে তা ওয়্যারহাউস থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে গত ৪ মার্চ প্রথম মামলাটি করা হয়। এতে সরকারের ১০৭ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার টাকা রাজস্ব জড়িত। 

এরপর নগরের নিউ চাক্তাই এলাকার মেসার্স আটিস্টিক অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে গত ১২ মার্চ দ্বিতীয় মামলা হয়। প্রতিষ্ঠানটির ওয়্যারহাউসে সিলগালা করা ১৪ হাজার ৭৮৬ কেজি বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, এসব পণ্য বন্ড গুদাম থেকে অবৈধভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এ মামলায় জড়িত সরকারের রাজস্বের পরিমাণ প্রায় ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।

এ ছাড়া গত ২২ এপ্রিল একই দিনে ‘সি টি জি ফোর ব্রাদার্স অ্যাপারেলস লিমিটেড’ এবং ‘দি নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড’ নামে আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। নিউ চাক্তাই এলাকার সি টি জি ফোর ব্রাদার্স অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিকস গুদাম থেকে সরিয়ে নিয়েছে। এ মামলায় ১ কোটি ৩ লাখ ১৬ হাজার টাকা রাজস্ব জড়িত। আর দি নিড অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের গুদাম পরিদর্শনে গিয়ে আমদানি করা ফেব্রিকসের নির্ধারিত পরিমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বন্ড সুবিধায় আনা পণ্য অবৈধভাবে সরিয়ে খোলাবাজারে বিক্রির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িত রাজস্বের পরিমাণ ১ কোটি ৩০ লাখ ৩৩ হাজার টাকা।

আরও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ

চট্টগ্রাম ইপিজেডের মডিস্ট (সিইপিজেড) লিমিটেড ও জেএমএস গার্মেন্টস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, রপ্তানির শর্তে বন্ড সুবিধায় পণ্য আমদানি করলেও প্রতিষ্ঠান দুটি সেই পণ্য রপ্তানি করেনি। বন্ড কর্মকর্তারা ওয়্যারহাউস পরিদর্শনে গিয়ে আমদানি করা পণ্যও সেখানে পাননি। এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির কাছে ব্যাখ্যা চেয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম। প্রতিষ্ঠান দুটি বন্ডেড সুবিধায় এসব পণ্য এনে সরকারের কাছ থেকে প্রায় ৫৮৫ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা শুল্ক মওকুফ নিয়েছিল। তাই রপ্তানির শর্তে আমদানি করা এসব পণ্য রপ্তানি না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিপুল পরিমাণ এই রাজস্ব ফাঁকির অভিযোগ এনেছেন কর্মকর্তারা। 

বন্ড সুবিধায় আনা এসব পণ্য খোলা বাজারে বিক্রির কারণে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে শুল্ক দিয়ে বৈধভাবে পণ্য আমদানি করা ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ছোট ব্যবসায়ীরা। বৈধভাবে আমদানি করা কাপড় যেখানে প্রতি গজ ২০০ টাকায় কিনতে হয়, বন্ড সুবিধায় আনা কাপড় কিনতে খরচ পড়ে ১২০ থেকে ১৩০ টাকা। ফলে বন্ডের পণ্য বিক্রেতারা কম দামে পণ্য বিক্রি করতে পারেন। আমরা চাই সরকার এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।’ 

একই ধরনের মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি হলে বাজারের ভারসাম্য নষ্ট হয়। এতে শুল্ক পরিশোধ করে পণ্য আমদানি করা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে শুধু বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, সরকারও রাজস্ব বঞ্চিত হয়। এ জন্য এ যারা বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্য খোলা বাজারে বিক্রির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’ 



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা