× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য নতুন বার্তা এডিবির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৯:৩৫ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক। ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংক। ছবি: সংগৃহীত

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনের সরকারি সফর শেষ করেছেন।

সফরের মধ্য দিয়ে সংস্থাটি আগামী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস), নীতিগত সংস্কার, অগ্রাধিকারমূলক বিনিয়োগ এবং সমন্বিত বৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন (আইজিএনডি) উদ্যোগকে ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

সফর শেষে বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেন, বাংলাদেশ তার উন্নয়নযাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করছে।

এ মুহূর্তে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের আলোচনায় এডিবি-বাংলাদেশ অংশীদারত্বের দৃঢ়তা আবারও প্রমাণিত হয়েছে।

একই সঙ্গে কৌশলগত অঙ্গীকারগুলোকে ধাপে ধাপে সংস্কার, লাভজনক বিনিয়োগ ও কার্যকর বাস্তবায়নে রূপান্তরের গুরুত্ব উঠে এসেছে। সরকার পরিচালিত উদ্যোগ হিসেবে আইজিএনডি সংস্কার, বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোকে একসূত্রে গেঁথে বিভিন্ন অঞ্চলে নতুন সুযোগ সৃষ্টি, সংযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

গত মে মাসে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় এ সফর অনুষ্ঠিত হয়। এ সফরের মাধ্যমে আগের সফরে অর্জিত অগ্রগতিকে আরও বেগবান করা হয়েছে। বাংলাদেশ সরকার ও এডিবি যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় বছরে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। এ বিষয়ে বেসরকারি খাতের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে।

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চট্টগ্রামে অনুষ্ঠিত আইজিএনডি-সংক্রান্ত একটি জাতীয় সেমিনারে মূল বক্তব্য দেন ইংমিং ইয়াং। সেখানে তিনি বলেন, অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, নগর উন্নয়ন ও মানবসম্পদে সমন্বিত বিনিয়োগ উৎপাদনশীলতা বাড়ানো এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাঁচ দিনের সফরকালে ইংমিং ইয়াং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে চট্টগ্রামকে প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা, ডিজিটাল রূপান্তর এবং জলবায়ুসহনশীল বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চট্টগ্রাম অবস্থানকালে তিনি এডিবির সহায়তায় পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

সফরজুড়ে তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংসফেন ঝাং।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা