× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিলামে রেকর্ড দামে চা বিক্রি রাষ্ট্রায়ত্ত কোম্পানির

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৫:৩৮ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৫:৫০ পিএম

চা গাছ থেকে পাতা তুলছেন চা-শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চা গাছ থেকে পাতা তুলছেন চা-শ্রমিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চায়ের গুণগত মান বাড়ায় ‘চট্টগ্রাম আন্তর্জাতিক চা-নিলামে’ রেকর্ড দামে চা বিক্রি করেছে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত নিলামে প্রতিষ্ঠানটির ১২টি চা-বাগানের উৎপাদিত ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা গড়ে ২৮০ টাকা ৫৯ পয়সা দরে বিক্রি হয়েছে। এনটিসির ইতিহাসে এটিই সর্বোচ্চ গড় বিক্রয়মূল্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সরকার নির্ধারিত প্রতি কেজি ২৪৫ টাকা ভিত্তিমূল্যের চেয়ে উল্লেখযোগ্য বেশি দামে চা বিক্রি হওয়ায় ওই নিলাম থেকে এনটিসির মোট আয় হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা।

নিলামে অংশ নেওয়া বাগানগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ও তেলিয়াপাড়া এবং চুনারুঘাটের চণ্ডীছড়া ও পারকুল চা-বাগান। এ ছাড়া মৌলভীবাজার ও সিলেট জেলার পাত্রখোলা, কুর্মা, চম্পারাই, মদনমোহনপুর, লাক্কাতুরা, মাধবপুর প্রেমনগর ও বিজয়া চা-বাগানের চাও নিলামে বিক্রি হয়। এসব বাগানের উন্নতমানের অর্থোডক্স ও সিটিসি চায়ের বেশ কয়েকটি লট প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে।

তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটন বলেন, “চায়ের ভালো দাম পাওয়ার পেছনে দীর্ঘদিনের পরিকল্পিত উদ্যোগ কাজ করেছে। চায়ের গুণগত মান বাড়াতে শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, বাগানে নিবিড় তদারকি এবং ‘দুটি পাতা ও একটি কুঁড়ি’ চয়ন নীতি কঠোরভাবে অনুসরণ করা হয়েছে”।

তিনি বলেন, “এসব উদ্যোগের ফলে কাঁচা পাতার গুণগত মান উন্নত হয়েছে। একই সঙ্গে উৎপাদিত চায়ের রং, ঘ্রাণ ও স্বাদেও ইতিবাচক পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে নিলামের বাজারদরেও”।

এদিকে চায়ের দাম বাড়ার পাশাপাশি উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এনটিসির। প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলাম জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এনটিসির চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, “উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও সার্বিক ব্যয় নিয়ন্ত্রণে রাখা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কারখানায় মানসম্মত প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করা হয়েছে। এর ফলে উৎপাদন ও বিক্রয়-দুই ক্ষেত্রেই ইতিবাচক সাফল্য এসেছে”।

চা শিল্প যখন প্রতিকূল আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, শ্রম ব্যয় ও উৎপাদন খরচ বৃদ্ধিসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এনটিসির উৎপাদন বৃদ্ধি ও রেকর্ড দামে চা বিক্রির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, মানসম্মত চা উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা গেলে দেশের চা শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এনটিসির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান বলেন, “প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কর্মকর্তা-কর্মচারী ও বাগান শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির বাগানগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। উৎপাদন বৃদ্ধি ও মান উন্নয়নে নেওয়া বিশেষ কর্মসূচির সুফল এখন দৃশ্যমান”।

তিনি জানান, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত মৌসুমের বাকি সময়েও আরও ভালো উৎপাদন ও বিক্রয়ের প্রত্যাশা করছে এনটিসি।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, উন্নত জাতের চারা রোপণ, কারখানার সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বাজার সম্প্রসারণ। দীর্ঘমেয়াদে এনটিসিকে আন্তর্জাতিক বাজারে আরও লাভজনক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা