× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিটার্ন দাখিল দশকের মধ্যে সর্বনিম্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:৩৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়লেও আয়কর রিটার্ন জমার হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধিত করদাতাদের মাত্র ৩৮ শতাংশ রিটার্ন দাখিল করেছেন। চার দফা সময় বাড়িয়েও প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। করোনা-পরবর্তী ২০২১-২২ অর্থবছর বাদ দিলে এটি প্রায় এক দশকের সর্বনিম্ন হার।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখে। আগের বছর এই সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ। কিন্তু রিটার্ন জমা পড়েছে মাত্র ৪৯ লাখ ৫৫ হাজার। অর্থাৎ নিবন্ধিত টিআইএনধারীদের প্রায় ৬২ শতাংশ নির্ধারিত সময়েও রিটার্ন দাখিল করেননি। এতে কর ব্যবস্থার বাস্তব কার্যকারিতা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

কর বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা মনে করেন, এই ব্যবধানের বড় কারণ পুরনো ও অকার্যকর টিআইএন তথ্যভান্ডার। অনেকেই করযোগ্য আয় না থাকলেও বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনেই টিআইএন নিয়েছেন। জমি কেনা, ব্যাংক হিসাব খোলা, ঋণ নেওয়া কিংবা ক্রেডিট কার্ডের জন্য টিআইএন বাধ্যতামূলক হওয়ায় নিবন্ধনের সংখ্যা বেড়েছে। আবার অনেক টিআইএনধারী মারা গেছেন, দেশ ছেড়েছেন অথবা আর সক্রিয় নন। এসব তথ্য সময়মতো হালনাগাদ না হওয়ায় প্রকৃত করদাতার চিত্র আড়াল হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, তথ্যভান্ডার হালনাগাদের পাশাপাশি বিদ্যমান আইন কার্যকর করাও জরুরি। তাদের ভাষ্য, করযোগ্য অনেক ব্যক্তি এখনও করজালের বাইরে রয়েছেন। আয়কর আইনের ২৬৪ ধারায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র ব্যবহারের বিধান রয়েছে। ট্রেড লাইসেন্স নবায়ন, বড় অঙ্কের আমানত, ঋণপত্র খোলা কিংবা চেম্বারের সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে এই বিধান যথাযথভাবে প্রয়োগ করা হলে করহার বাড়তে পারে। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় এবং সচেতনতা কার্যক্রমও প্রয়োজন।

ব্যবসায়ী নেতাদের একাংশের মতে, শুধু টিআইএনের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। অনেক রিটার্নে কর পরিশোধের পরিমাণ শূন্য থাকে। তাই সক্রিয় করদাতার সংখ্যা বাড়ানোই এখন বেশি প্রয়োজন। অন্যথায় নিয়মিত কর পরিশোধকারীদের ওপরই রাজস্বের চাপ থেকে যাবে। একই সঙ্গে কর প্রশাসন পুরোপুরি ডিজিটাল না হলে নিবন্ধন বাড়লেও বাস্তব অগ্রগতি ধীরগতিতেই থাকবে বলে তাদের ধারণা।

প্রতিষ্ঠানভিত্তিক করদাতাদের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে। ১ লাখ ৬০ হাজার করপোরেট টিআইএনধারীর মধ্যে রিটার্ন জমা দিয়েছে মাত্র ৪২ হাজার প্রতিষ্ঠান। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৬৫৯। করপোরেট আয়কর মোট রাজস্বের প্রায় এক-চতুর্থাংশ এলেও জিডিপির তুলনায় এর অবদান মাত্র ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ শতাংশ। সমমানের অনেক দেশের তুলনায় এই হার কম থাকায় সরকারকে মূল্য সংযোজন কর, শুল্ক ও ঋণের ওপর বেশি নির্ভর করতে হয়। এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরও পড়ে।

রিটার্ন দাখিলের হার কমলেও আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর আদায় বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার কোটি টাকায়। আগের অর্থবছরে এই পরিমাণ ছিল ১ লাখ ২৯ হাজার কোটি টাকা। এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ। এতে বোঝা যায়, রাজস্ব আদায়ের বড় অংশ এখনও উৎসে কর কর্তন, উৎসে কর সংগ্রহ এবং অগ্রিম করের ওপর নির্ভরশীল। স্বেচ্ছায় রিটার্ন দাখিলের প্রবণতা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

জাতীয় রাজস্ব বোর্ড বলছে, কম রিটার্ন দাখিলের অর্থ কর ফাঁকি নয়। অনেক টিআইএনধারীর রেকর্ড পুরনো এবং অনেকেই আর সক্রিয় নন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা বন্ধ হওয়াও এ অবস্থার একটি কারণ। নতুন আয়কর আইনে সারা বছর রিটার্ন দাখিলের সুযোগ, অনিয়মকারীদের বিরুদ্ধে নোটিস ও জরিমানার ব্যবস্থা এবং আগাম রিটার্নদাতাদের জন্য কর রেয়াত চালু করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে কর-অনুপাত বাড়বে বলে সংস্থাটি আশা করছে। তবে দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল পেতে তথ্যভান্ডার হালনাগাদ, আইন প্রয়োগ এবং সক্রিয় করদাতা বাড়ানোর কাজই সবচেয়ে বড় পরীক্ষার মুখে থাকবে।




শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা