× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচমরিচের দাম কমেছে, সবজির বাজার স্থির

সৌরভ হোসেন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:০১ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার পর রাজধানীর খুচরা বাজারে এর দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ১৮০ টাকা কমে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বসুন্ধরা ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

ব্যবসায়ীরা জানান, ভারতীয় কাঁচামরিচ বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এর প্রভাব পাইকারি ও খুচরা উভয় বাজারেই পড়েছে। কয়েক দিন আগেও খুচরা বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩৮০-৪০০ টাকায় উঠেছিল। বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ সংকট তৈরি হওয়ায় এ মূল্যবৃদ্ধি হয়। পরে সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিলে বাজারে সরবরাহ বাড়তে শুরু করে।

শান্তিনগর কাঁচাবাজারে বিক্রেতারা জানান, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে কাঁচামরিচের দাম আরও কমতে পারে।

সবজির বাজারে স্থিতাবস্থা 

কাঁচামরিচ ছাড়া অন্যান্য সবজির দামে তেমন পরিবর্তন নেই। বাজারে লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ১৬০, করলা ১২০, ঝিঙা ১২০, গাজর ১৪০, ঢেঁড়স ৬০, পটোল ৬০, কুমড়া ৬০, মিষ্টি কুমড়া ৫০, কচুরমুখি ৮০, কাঁকরোল ১০০ এবং কচুর লতি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ  প্রতি পিস ১০০ টাকা।

মসলায় কিছুটা স্বস্তি

আলু ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫৫ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে রসুন ও আদার দাম অপরিবর্তিত রয়েছে। রসুন ১৫০ টাকা এবং আদা ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির দাম বেড়েছে, মাছের বাজার স্থির 

মালিবাগ এলাকার বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি, হাইব্রিড ও লেয়ার মুরগির দামে পরিবর্তন নেই। সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ এবং লেয়ার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। আকারভেদে রুই ও কাতলা মাছ ৫০০ থেকে ৫৫০ টাকা এবং দেশি ট্যাংরা মাছ ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিম, তেল ও চালের বাজার

প্রতি ডজন হাঁসের ডিম ২২০ টাকা এবং ফার্মের লাল মুরগির ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৫ থেকে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৭৫ টাকা। ব্র্যান্ডভেদে পাঁচ লিটার সানফ্লাওয়ার তেলের দাম ১ হাজার ৭৫০ থেকে ২ হাজার ২৫০ টাকা।

চালের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। ২৮ নম্বর চাল ৫৮ থেকে ৬০ টাকা, পাইজাম ৬০, স্বর্ণা চাল ৫৮ এবং ২৯ নম্বর চাল ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পোলাও চালের দাম তুলনামূলক বেশি।

যা বলছেন ক্রেতারা

শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা মো. মুক্তাদির বলেন, কাঁচামরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। তবে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাধারণের নাগালের বাইরে। তার মতে, শুধু মরিচ নয়, সব ধরনের কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে বাজার আরও স্থিতিশীল হবে।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে। তবে দেশীয় উৎপাদন, আবহাওয়া ও সরবরাহ পরিস্থিতির ওপর আগামী দিনের বাজারদর নির্ভর করবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা