গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
স্ক্র্যাপ জাহাজ আমদানি নিয়ে হংকং কনভেনশন কার্যকর হওয়ার পর বড় ধাক্কা খাওয়া দেশের জাহাজভাঙা শিল্পে আবারও আশার আলো দেখা যাচ্ছে। গত এক বছরে দেশে গ্রিন সার্টিফাইড শিপ ব্রেকিং ইয়ার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৩ থেকে ২৫টিতে পৌঁছেছে। উদ্যোক্তাদের আশা, আরও কয়েকটি ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ডের এই সনদ পেলে স্ক্র্যাপ জাহাজ আমদানি এবং শিল্পের কার্যক্রম আবারও ঘুরে দাঁড়াবে।
হংকং কনভেনশন অনুযায়ী, স্ক্র্যাপ জাহাজ আমদানি করতে হলে শিপ ব্রেকিং ইয়ার্ডকে গ্রিন সার্টিফাইড হতে হবে। ২০২৫ সালের ২৬ জুন কনভেনশন কার্যকর হওয়ার আগে দেশে ৪০ থেকে ৫০টি ইয়ার্ড নিয়মিত স্ক্র্যাপ জাহাজ আমদানি করত, সেখানে কনভেনশন কার্যকর হওয়ার পর তা কমে দাঁড়ায় মাত্র ১০ থেকে ১২টিতে। ফলে এক লাফে প্রায় অর্ধেকে নেমে আসে স্ক্র্যাপ জাহাজ আমদানির পরিমাণ এবং দেশের প্রায় ৮০ শতাংশ শিপ ব্রেকিং ইয়ার্ড কার্যত বন্ধ হয়ে পড়ে।
স্ক্র্যাপ জাহাজ আমদানির তথ্য অনুযায়ী, যেথানে ২০২৪ সালে ১৪৪টি স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়েছিল, সেখানে ২০২৫ সালে আমদানি হয়েছে মাত্র ৯২টি। আর চলতি বছরের মে পর্যন্ত ৩১টি স্ক্র্যাপ জাহাজ আমদানি হয়েছে।
তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে গ্রিন সার্টিফাইড শিপ ব্রেকিং ইয়ার্ড ছিল ১৩টি। এক বছরের ব্যবধানে ২০২৬ সালের জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৫টি। আরও ছয়টি ইয়ার্ড বর্তমানে গ্রিন সার্টিফিকেশনের প্রক্রিয়ায় রয়েছে। উদ্যোক্তারা মনে করছেন, এগুলো সনদ পেলে স্ক্র্যাপ জাহাজ আমদানির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
গ্রিন সার্টিফাইড শিপ ব্রেকিং ইয়ার্ড জনতা স্টিলস লিমিটেডের কর্ণধার কামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গ্রিন সার্টিফাইড ইয়ার্ডের সংখ্যা বাড়া শিল্পের জন্য ইতিবাচক। কারণ এখন এই সনদ ছাড়া স্ক্র্যাপ জাহাজ আমদানির সুযোগ নেই। ফলে যত বেশি গ্রিন ইয়ার্ড হবে, শিল্প তত দ্রুত ঘুরে দাঁড়াবে।’
তবে তিনি বলেন, ‘সরকারি সহায়তা থাকলে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। তার ভাষ্য, জাহাজভাঙা শিল্প এখনও সরকারের লাল শ্রেণিভুক্ত শিল্প হওয়ায় ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায় না। ফলে অনেক উদ্যোক্তা আগ্রহী হলেও অর্থের অভাবে গ্রিন ইয়ার্ডে রূপান্তর করতে পারছেন না।’ বর্তমানে সীতাকুণ্ডে প্রায় ১৫০টি নিবন্ধিত শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। প্রয়োজনীয় অর্থায়ন ও নীতিগত সহায়তা পেলে এদের বড় একটি অংশ আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা সম্ভব বলে তিনি মনে করেন।
বাংলাদেশে জাহাজভাঙা শিল্পের সূচনা হয় ষাটের দশকে। ১৯৬০ সালের ঘূর্ণিঝড়ে সীতাকুণ্ডের শীতলপুর উপকূলে আটকে পড়া একটি জাহাজ কেটে প্রথম এই শিল্পের যাত্রা শুরু হয়। পরে আশির দশকে এটি সীতাকুণ্ডের অন্যতম প্রধান শিল্পে পরিণত হয় এবং সেখানে ১৫০টির বেশি শিপ ব্রেকিং ইয়ার্ড গড়ে ওঠে।
তবে করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, ডলার-সংকট এবং ব্যাংকগুলোর এলসি খোলায় কড়াকড়ির কারণে সাম্প্রতিক বছরগুলোতে শিল্পটি বড় ধরনের মন্দার মুখে পড়ে। এর মধ্যে হংকং কনভেনশন কার্যকর হওয়ায় গ্রিন সার্টিফিকেশন ছাড়া স্ক্র্যাপ জাহাজ আমদানি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।
বিএসবিআরএর তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশে প্রথমবারের মতো গ্রিন শিপ ব্রেকিং ইয়ার্ডের যাত্রা শুরু হয়। ওই বছর পিএইচপি গ্রুপ দেশের প্রথম গ্রিন সার্টিফাইড শিপ ব্রেকিং ইয়ার্ড প্রতিষ্ঠা করে। এরপর ২০২৩ সালে দুটি, ২০২৪ সালে ৪টি, ২০২৫ সালে ১০টি এবং চলতি বছরে আরও আটটি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সার্টিফিকেশন অর্জন করে।
শিল্প সংশ্লিষ্টদের মতে, গ্রিন সার্টিফাইড ইয়ার্ডের সংখ্যা বাড়ার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে। একই সঙ্গে স্ক্র্যাপ জাহাজ আমদানি, কাঁচামালের সরবরাহ এবং দেশের ইস্পাত শিল্পেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে এই অগ্রযাত্রা ধরে রাখতে সহজ ঋণ, নীতিগত সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিচ্ছেন তারা।