× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছরে বিনিয়োগের টার্গেট ১ লাখ ২৮ হাজার কোটি টাকা

জোসনা জামান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১০:০৭ এএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ১০:১২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে আগামী তিন বছরে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ সময় খাতে মোট ১ লাখ ২৮ হাজার ১৩ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই ছয়টি কৌশলগত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রক্ষেপণে এসব পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৬৯১ কোটি ৫৪ লাখ টাকা। পরবর্তী তিন অর্থবছরে এ বরাদ্দ ধারাবাহিকভাবে বাড়ানো হবে। ২০২৭-২৮ অর্থবছরে বরাদ্দের লক্ষ্য ধরা হয়েছে ৩৮ হাজার ৬৮৪ কোটি টাকা। ২০২৮-২৯ অর্থবছরে তা বেড়ে হবে ৪২ হাজার ৫৫২ কোটি টাকা। ২০২৯-৩০ অর্থবছরে বরাদ্দ আরও বাড়িয়ে ৪৬ হাজার ৮০৭ কোটি টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ মোট উন্নয়ন কর্মসূচির প্রায় ১০ দশমিক ৯০ শতাংশ। নিজস্ব অর্থায়ন বাদ দিয়ে এই খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্পায়ন, নগরায়ণ এবং ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনা সচিব এসএম শাকিল আখতার বলেন, দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাত অন্যতম চালিকাশক্তি। শিল্পের সম্প্রসারণের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদাও বাড়ছে। সেই বাস্তবতা বিবেচনায় সরকার এই খাতে বেশি গুরুত্ব দিয়েছে। উন্নয়ন পরিকল্পনায় উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ রাখা হয়েছে।

পরিকল্পনা বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। এর ফলে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। একই সময়ে বৈশ্বিক জ্বালানি বাজারের সরবরাহ পরিস্থিতি, দামের ওঠানামা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ দেশের জ্বালানি ব্যবস্থাপনাকে নতুন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।

এসব বিবেচনায় সরকার নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নীতি সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক গ্রিড ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমদানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের কৌশলগত উন্নয়ন পরিকল্পনায় ছয়টি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিবেচনায় চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কম ব্যয়ে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে। দ্বিতীয়ত, দেশীয় ও আমদানি করা জ্বালানির মধ্যে ভারসাম্য রেখে গ্যাস, এলএনজি, তরল জ্বালানি এবং বিকল্প জ্বালানির সমন্বিত ব্যবহার বাড়ানো হবে। এর মাধ্যমে আমদানির ওপর নির্ভরতা কমানোর চেষ্টা থাকবে।

তৃতীয় লক্ষ্য হিসেবে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির অংশ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০৩০ সালের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন সক্ষমতায় নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়ানো হবে। চতুর্থ লক্ষ্য হিসেবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে মিল রেখে জাতীয় সঞ্চালন গ্রিডের সক্ষমতা, স্থিতিশীলতা এবং নমনীয়তা বাড়ানো হবে। একই সঙ্গে গ্যাস ও জ্বালানি অবকাঠামো আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

পঞ্চম লক্ষ্য অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি জাতীয় গ্রিডে কার্যকরভাবে যুক্ত করতে স্মার্ট গ্রিড, স্ক্যাডা এবং আধুনিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে। ষষ্ঠ লক্ষ্য হিসেবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়িয়ে সিস্টেম লস কমানো এবং গ্রাহক পর্যায়ে উন্নত সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের অননুমোদিত প্রকল্প তালিকায় নতুন ৪৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন খাতে ১১টি, সঞ্চালন খাতে দুটি, বিতরণ খাতে ১০টি, জ্বালানি ও শক্তি খাতে ২১টি এবং খনিজ সম্পদ খাতে তিনটি প্রকল্প রয়েছে। একই অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৯টি প্রকল্প শেষ করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরের অন্যতম উদ্যোগ হিসেবে মাতারবাড়ী, রূপসা, ঘোড়াশাল এবং রূপপুর প্রকল্পসহ বড় গ্যাস, কয়লা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন ও কমিশনিং কার্যক্রম জোরদার করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে বড় আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কৃষি ও প্রত্যন্ত এলাকায় সৌরবিদ্যুতের ব্যবহারও সম্প্রসারণ করা হবে। উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থাও শক্তিশালী করা হবে।

জাতীয় সঞ্চালন ব্যবস্থাকে আরও সক্ষম করতে রূপপুর এবং দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ পরিবহনের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন অবকাঠামো নির্মাণ করা হবে। একই সঙ্গে গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রিডের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন হবে। স্মার্ট গ্রিড, স্ক্যাডা ও আধুনিক মনিটরিং ব্যবস্থাও ধাপে ধাপে চালু করা হবে।

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং গ্রামীণ এলাকায় বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং লাইন উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকসেবার মানও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

জ্বালানি নিরাপত্তা বাড়াতে দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নতুন অনুসন্ধান ও উন্নয়ন কূপ খনন, ২ডি ও ৩ডি সিসমিক জরিপ, গ্যাস প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং পাইপলাইন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি এলএনজি, তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া পাইপলাইন নেটওয়ার্ক শক্তিশালী করা, জ্বালানি ব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ইউনিট-২ নির্মাণের মাধ্যমে পরিশোধন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আমদানি করা পরিশোধিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের এই বিনিয়োগ পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ এবং জ্বালানি অবকাঠামো উন্নয়নের বিভিন্ন উদ্যোগকে একসঙ্গে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং আধুনিক গ্রিড ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রমও এগোবে। পরিকল্পনা অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা