বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পতাকা। ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট-সিইপিএ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কূটনীতিতে নতুন অধ্যায় যুক্ত হয়েছে।
দীর্ঘ আলোচনার পর হওয়া এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ পণ্য এবং বাংলাদেশের বাজারে কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। সরকার এটিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক অংশীদারত্বভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে দেখছে। তবে অর্থনীতিবিদদের মতে, এলডিসি-পরবর্তী বাস্তবতায় এ চুক্তির প্রকৃত গুরুত্ব নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।
কেন এত গুরুত্বপূর্ণ এই সিইপিএ
বাংলাদেশের রপ্তানির প্রধান বাজার এখনও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তবে রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের অংশ হিসেবে সরকার দক্ষিণ কোরিয়ার মতো উচ্চ আয়ের বাজারে প্রবেশের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রায় ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়া প্রযুক্তি, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। ফলে দেশটির বাজারে শুল্ক সুবিধা বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হতে পারে।
সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির একটি দেশের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্যধর্মী অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে সক্ষম হয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। তার মতে, এই চুক্তি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী জানান, তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যসহ বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলো দক্ষিণ কোরিয়ার বাজারে উল্লেখযোগ্য শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে কৃষিপণ্য, প্লাস্টিক, শিল্পের কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতেও বাংলাদেশ সুবিধা ভোগ করবে।
সম্ভাবনাময় খাত
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তবে সিইপিএ কার্যকর হলে হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক ও প্যাকেজিং পণ্য, ওষুধ শিল্প, হালকা প্রকৌশল এবং তথ্য-প্রযুক্তি সেবার রপ্তানির সুযোগ বাড়তে পারে। বিশেষ করে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশের সবুজ কারখানায় উৎপাদিত পোশাক প্রতিযোগিতামূলক সুবিধা পেতে পারে।
বিনিয়োগের সুযোগ
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ার সম্ভাবনা। বর্তমানে কোরিয়ার শতাধিক প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাক, টেক্সটাইল, ইলেকট্রনিকস ও শিল্পোৎপাদনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। সিইপিএ কার্যকর হলে নতুন বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত হতে পারে।
কোরিয়ার দৃষ্টিভঙ্গি
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, বাংলাদেশ ও কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের ইতিহাস ৫৬ বছরের। টেক্সটাইল খাতের মাধ্যমে শুরু হওয়া সহযোগিতা এখন বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে রূপ নিচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের প্রেক্ষাপটে পণ্যের বহুমুখীকরণ এবং বিকল্প উৎপাদনকেন্দ্র গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও কোরিয়া যৌথভাবে নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারে।
তার মতে, প্রযুক্তি, সাপ্লাই চেইন, শিল্প সহযোগিতা ও উদ্ভাবনভিত্তিক উৎপাদনে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবে।
এলডিসি-পরবর্তী বাস্তবতা
বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করেছে। এর ফলে আগামী কয়েক বছরে ইউরোপসহ বিভিন্ন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ধীরে ধীরে কমবে। এ পরিস্থিতিতে সিইপিএ বাংলাদেশের জন্য বিকল্প বাণিজ্যিক নিরাপত্তা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, ভবিষ্যতে শুধু কম মজুরির শ্রমের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে না। পণ্যের গুণগত মান, উৎপাদনশীলতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করাই হবে প্রধান চ্যালেঞ্জ।
বাণিজ্য ঘাটতি ও উদ্বেগ
বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্রের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এখনও সম্ভাবনার তুলনায় সীমিত। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ থেকে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করেছে। এর মধ্যে বাংলাদেশের আমদানির পরিমাণ বেশি হওয়ায় উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, রপ্তানি বাড়াতে না পারলে সিইপিএ কার্যকর হওয়ার পর এ ঘাটতি আরও বাড়তে পারে। তাই শুল্ক সুবিধার পাশাপাশি রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা ও বৈচিত্র্য বাড়ানো জরুরি।
অর্থনীতি বিশ্লেষক ড. জাহাঙ্গীর আলম মনে করেন, শুধু চুক্তি স্বাক্ষর করাই যথেষ্ট নয়; উৎপাদন ব্যয় কমানো, বন্দরব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজ করার সংস্কারও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় শুল্ক সুবিধার পূর্ণ সুফল পাওয়া যাবে না।
অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বিভিন্ন সভা-সেমিনারে বলেছেন, এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রধান কৌশল হওয়া উচিত বহুমুখী মুক্ত বাণিজ্য চুক্তি, যাতে রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে পারেন।
ব্যবসায়ী সংগঠনগুলোর মতে, আন্তর্জাতিক মান, শ্রমমান, পরিবেশগত মান এবং উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত না হলে কোরিয়ার বাজারে শুল্ক সুবিধার পূর্ণ সুফল মিলবে না।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এটি অর্জনে প্রায় ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। তার মতে, সিইপিএসহ এ ধরনের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি রপ্তানি সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।
সামনে প্রধান চ্যালেঞ্জ
বিশেষজ্ঞদের মতে, চুক্তি স্বাক্ষরই শেষ নয়; এখন সবচেয়ে বড় বিষয় এর বাস্তবায়ন। এজন্য কাস্টমস সংস্কার, আন্তর্জাতিক মান পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি, উৎপত্তি-সংক্রান্ত (রুলস অব অরিজিন) বিধানের কার্যকর প্রয়োগ, বন্দর ও লজিস্টিকসের আধুনিকীকরণ, ব্যবসা সহজীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উচ্চমূল্য সংযোজিত শিল্পে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
তাদের মতে, এসব ক্ষেত্রে অগ্রগতি না হলে সিইপিএর সম্ভাবনার বড় অংশ বাস্তবে রূপ না-ও নিতে পারে। বাংলাদেশের বাণিজ্য ইতিহাসে এ চুক্তি গুরুত্বপূর্ণ হলেও এর সাফল্য নির্ভর করবে শিল্পনীতি, অবকাঠামো, ব্যবসা পরিবেশ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর। কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা একটি বড় সুযোগ; তবে সেই সুযোগকে টেকসই প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান এবং উচ্চমূল্যের শিল্পায়নে রূপ দেওয়াই হবে মূল চ্যালেঞ্জ।