বাংলাদেশ ব্যাংকের সাকুর্লার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৯:৫৭ পিএম
একই গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
একই গ্রুপের প্রতিষ্ঠানের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য সংশোধন করা হয়েছে আমদানি ঘোষণাপত্র বা আইএমপি ফরমের একটি ধারা। এখন থেকে আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনে পৃথক ধরনের ঘোষণা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে লেনদেন শুরুর আগেই প্রয়োজনীয় ঘোষণা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, বিদ্যমান নিয়মে আমদানিকারককে ঘোষণা দিতে হতো, বিদেশি রপ্তানিকারকের সঙ্গে তার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে কোনো আর্থিক বা অন্য ধরনের স্বার্থও নেই। তবে বাস্তবে অনেক আমদানি মূল প্রতিষ্ঠান, অনুমোদিত সহযোগী প্রতিষ্ঠান বা বিদেশি শাখার সঙ্গে সম্পন্ন হয়।
এ বাস্তবতা বিবেচনায় আন্তঃপ্রতিষ্ঠান লেনদেনের জন্য নতুন ঘোষণা চালু করা হয়েছে। আমদানিকারককে জানাতে হবে, লেনদেন প্রতিযোগিতামূলক বাজারদরের ভিত্তিতে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ট্রান্সফার প্রাইসিং বিধান এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত নিয়মসহ প্রযোজ্য আইন মানা হয়েছে বলেও ঘোষণা দিতে হবে। এসব ক্ষেত্রে আগের ঘোষণার সংশ্লিষ্ট অংশ আর প্রযোজ্য হবে না।
সার্কুলারে আরও বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে আমদানি কার্যক্রম শুরুর আগে নতুন ঘোষণা সংগ্রহ করতে হবে। পাশাপাশি উপযুক্ত নথিপত্র যাচাই করে আমদানিকারক ও বিদেশি রপ্তানিকারকের সম্পর্কের বৈধতা নিশ্চিত করতে হবে। একই নির্দেশনা প্রয়োজনীয় পরিবর্তনসহ রপ্তানি লেনদেনেও কার্যকর হবে। এ কারণে এ বিষয়ে আগের একটি সার্কুলারের সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তঃপ্রতিষ্ঠান লেনদেন প্রক্রিয়াকরণের সময় সব নিয়ন্ত্রক শর্ত মেনে চলতে হবে। অন্য সব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। সংশ্লিষ্ট গ্রাহকদের নতুন নির্দেশনা জানিয়ে তা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই ব্যবস্থা আন্তঃপ্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ঘোষণা পদ্ধতিকে বিদ্যমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যেই চালু করা হয়েছে।
ট্রান্সফার প্রাইসিং কী
ট্রান্সফার প্রাইসিং হলো একই বহুজাতিক কোম্পানি বা একই গ্রুপভুক্ত দুই প্রতিষ্ঠানের মধ্যে পণ্য, সেবা, প্রযুক্তি বা ঋণ লেনদেনের জন্য নির্ধারিত মূল্য। সহজভাবে যদি একটি কোম্পানির বাংলাদেশে একটি প্রতিষ্ঠান এবং বিদেশে আরেকটি সহযোগী প্রতিষ্ঠান থাকে, তাহলে তারা নিজেদের মধ্যে যে দামে পণ্য কেনাবেচা করে, সেই দাম নির্ধারণের প্রক্রিয়াই ট্রান্সফার প্রাইসিং।
ধরা যাক, বাংলাদেশে এবিসি বাংলাদেশ লিমিটেড তাদের সিঙ্গাপুরভিত্তিক মূল কোম্পানি থেকে কাঁচামাল আমদানি করছে। যদি বাজারে ওই কাঁচামালের দাম ১০০ ডলার হয়, কিন্তু তারা নিজেদের মধ্যে ১৫০ ডলার দেখিয়ে লেনদেন করে, তাহলে এতে মুনাফা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের অপব্যবহার ঠেকাতেই ট্রান্সফার প্রাইসিংয়ের নিয়ম রয়েছে।