বাসস
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ ১৬:৪৩ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬ ১৭:০৭ পিএম
পোশাক কারখানায় এক নারী কাজ করছেন। ফাইল ছবি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।
যদিও গত বছরের একই মাসে অস্বাভাবিক উচ্চ রপ্তানি হওয়ায় রপ্তানির এ হ্রাসকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যের পর এক বিবৃতিতে মঙ্গলবার বিজিএমইএ জানায়, ২০২৫ সালের জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। সেই উচ্চভিত্তির তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিকভাবেই কঠিন ছিল।
সংস্থাটির ভাষ্য, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতার পরিচয় বহন করে। নতুন অর্থবছরের শুরুতে এ অর্জনকে ইতিবাচক হিসেবেই দেখছে বিজিএমইএ।
ইপিবির তথ্যের বিশ্লেষণে দেখা যায়, নিট পোশাকের তুলনায় ওভেন পোশাকের রপ্তানিতে বেশি পতন হয়েছে। জুলাইয়ে ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমলেও নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।
জ্বালানি নিরাপত্তাসহ কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা আবার ফিরে আসবে বলে আশা প্রকাশ করছে বিজিএমইএ।
তৈরি পোশাক শিল্পের ইতিবাচক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।