প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ১৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার ১৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্রুত দাবি পরিশোধ, আর্থিক সক্ষমতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মইনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুতুন নেছা, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শাখা ব্যবস্থাপকরা। কেক কাটা, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ১৩ বছরের পথচলায় সোনালী লাইফ গ্রাহকের আস্থা, আর্থিক সক্ষমতা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের জীবন বিমা খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, দ্রুত দাবি পরিশোধ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের গ্রাহকসেবা নিশ্চিত করে একটি আধুনিক ও বিশ্বস্ত জীবন বিমা প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জনে কাজ অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জীবন বিমার প্রকৃত মূল্য তখনই প্রতিফলিত হয়, যখন গ্রাহক বা তার পরিবার প্রয়োজনের মুহূর্তে সময়মতো প্রাপ্য দাবি হাতে পান। তাই দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য দাবি পরিশোধ নিশ্চিত করাই প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সোনালী লাইফ মোট ৪০৫ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় ২৫৯ কোটি টাকার দাবি নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে যোগ্য দাবিগুলো সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে, যা দাবি নিষ্পত্তির সময় কমিয়ে গ্রাহকসেবার মান উন্নত করবে।
২০২৫ সালের আর্থিক ফলাফলে কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫ কোটি ৯৪ লাখ টাকা এবং নবায়ন প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৫৪১ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানির ভাষ্য, মোট প্রিমিয়াম আয়ের ভিত্তিতে দেশের ৩৬টি জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে সোনালী লাইফ পঞ্চম, লাইফ ফান্ডের দিক থেকে সপ্তম ও বিনিয়োগের দিক থেকে দশম অবস্থানে রয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশের চতুর্থ প্রজন্মের জীবন বিমা কোম্পানিগুলোর মধ্যে মোট প্রিমিয়াম আয়, নবায়ন প্রিমিয়াম, লাইফ ফান্ড ও বিনিয়োগ—চারটি সূচকেই সোনালী লাইফ শীর্ষস্থান ধরে রেখেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স জানায়, স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে বীমাগ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের জীবন বিমা খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তারা কাজ চালিয়ে যাবে।