প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:১১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ২০:২৫ পিএম
ছবি : প্রবা
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে সিটি করপোরেশনের দায়িত্বে অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) উদ্যোগে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার; বিনিয়োগ সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
জসীম উদ্দিন বলেন, ’ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য সংগ্রহ পদ্ধতি এখনও উন্নতি হয়নি। এজন্য দায়ী সিটি করপোরেশন। পরিবেশ মন্ত্রণালয় প্লাস্টিক পুনর্ব্যবহারে আইন করলেও তা বাস্তবায়নে বেশ পিছিয়ে আছে সিটি করপোরেশন।
প্লাস্টিকের ভবিষ্যৎ ব্যবহার তুলে ধরে এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ’দেশে বর্তমানে মাথাপিছু ৯ কেজি প্লাস্টিক ব্যবহার হলেও ২০৩৫ সাল নাগাদ এর আকার যাবে ৩৫ কেজিতে। প্লাস্টিকের ব্যবহারের প্রয়োজনীয়তার তাগিদে মনোযোগী হতে হবে পুনর্ব্যবহারের ওপর।’
জসিম উদ্দিন বলেন, ’মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সব ধরনের রিসাইকেল ইস্যুতে ভ্যাট ট্যাক্স বাতিল করতে হবে।'
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন। তিনি বলেন, ’বর্তমানে দেশে প্লাস্টির শিল্পের বাজার ৪০ হাজার কোটি টাকা। বছরে দেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হয় প্রায় সোয়া আট লাখ টন। তবে এর মাত্র ৩৬ শতাংশ রিসাইকেল হয়ে নতুন পণ্য তৈরিতে ব্যবহার হয়। বাকি ৬৪ শতাংশই পরিবেশ দূষণ করে। অথচ সরকারের নীতি সহায়তা পেলে প্লাস্টিক পণ্য রপ্তানি বর্তমানের ১২০ কোটি ডলার থেকে আরও বাড়ানোর পাশাপাশি আমদানি বিকল্প পণ্য তৈরি করে দেশের চাহিদাও মেটানো সম্ভব।’
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সলিম উল্লাহ জানান, দেশের এ খাতের উন্নয়নে প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তা অনুমোদন করে আগামী ফেব্রুয়ারি থেকে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।