ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: ঢাকা ব্যাংকের ওয়েবসাইট থেকে
ঢাকা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন শিল্পোদ্যোক্তা আব্দুল হাই সরকার।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (এমকম) সম্পন্ন করা আব্দুল হাই সরকার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প খাতে দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী পূর্বাণী গ্রুপ গড়ে তোলেন।
তিনি ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) সভাপতি।
এর আগে তিনি এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) টানা চার মেয়াদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রতিষ্ঠাতা ট্রাস্টি সদস্য এবং ইন্টারন্যাশনাল কটন অ্যাসোসিয়েশনের সাবেক অ্যাসোসিয়েট ডিরেক্টর।
ব্যবসা ও শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) মর্যাদা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার পুনর্নির্বাচন পরিচালনা পর্ষদের আস্থার প্রতিফলন এবং তার নেতৃত্বে ব্যাংকটি সুশাসন, উৎকর্ষ ও টেকসই প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী করবে।