প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২১:৪৮ পিএম
আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সিটি ব্যাংকের প্রধান কার্যালয় থেকে রবিবার এক অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সিটি ব্যাংক
চলতি বছরের প্রথম ছয় মাসে সিটি ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত (কনসোলিডেটেড) মুনাফা বেড়ে ৫২৬ কোটি ৬৯ লাখ টাকায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩০১ কোটি ১১ লাখ টাকা।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে রবিবার এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ওয়েব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়।
ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১ পয়সা। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ১ টাকা ৭২ পয়সা।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক উপস্থাপন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ কে এম সায়েফ উল্লাহ কাউসার এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম।
অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা। সিটি ব্যাংক জানায়, গত কয়েক বছরে ব্যাংকটির কার্যক্রম ও ধারাবাহিক অগ্রগতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এ ধরনের আয়োজন বিনিয়োগকারীদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে।