× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যুয়ারেজ নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন প্রকল্পের উদ্যোগ ওয়াসার

জোসনা জামান

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১২:০৭ পিএম

ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।  গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এ লক্ষ্যে এক হাজার ৩৫ কোটি ৯৪ লাখ টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থাটি প্রকল্পটি চলতি অর্থবছরের এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির আবেদন করেছে। অনুমোদন মিললে গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য দাশেরকান্দি শোধনাগারে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্কও এই প্রকল্পের আওতায় সম্প্রসারিত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ (ফেজ-১)’। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাব কমিশনে পাঠিয়েছে। প্রকল্পটি এডিপির সবুজ পাতায় যুক্ত করার অনুরোধও জানানো হয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত হলে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হয়। একই সঙ্গে এটি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প হিসেবেও বিবেচিত হয়।

প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৩৫ কোটি ৯৪ লাখ টাকা দেওয়া হবে। বাকি ১০ কোটি টাকা বহন করবে ঢাকা ওয়াসা নিজস্ব তহবিল থেকে। অনুমোদন পেলে চলতি বছর প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়োদ আবদুর রহিম সাকি জানিয়েছেন, চলমান ও নতুন উন্নয়ন প্রকল্পগুলো যাচাই করা হচ্ছে। এডিপির সবুজ পাতায় থাকা এবং নতুন অন্তর্ভুক্তির প্রস্তাব পাওয়া প্রকল্পও পর্যালোচনায় রয়েছে। প্রয়োজনীয় যাচাই শেষে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, প্রতিটি প্রকল্প নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সব দিক পর্যালোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, দাশেরকান্দি পয়ঃশোধনাগার ২০২৩ সালের জুলাইয়ে নির্মাণ শেষ হয়। এটি স্যুয়ারেজ মাস্টার প্ল্যানের আওতায় বাস্তবায়িত একটি বড় অবকাঠামো। বর্তমানে শোধনাগারটি ওয়াসার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তবে পূর্ণ সক্ষমতায় পরিচালনার জন্য প্রয়োজনীয় সংগ্রহ লাইন এখনও সম্পূর্ণ হয়নি। সেই ঘাটতি পূরণেই নতুন প্রকল্পটি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুলশান লেকের দূষণ কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, গুলশান, বনানী ও বারিধারার পয়ঃবর্জ্য হাতিরঝিল হয়ে দাশেরকান্দি শোধনাগারে পাঠানো হবে। এই সিদ্ধান্তের ভিত্তিতেই উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে।

ওয়াসা জানিয়েছে, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী এবং বাড্ডার আংশিক এলাকা এই প্রকল্পের আওতায় আসবে। এসব এলাকার জন্য নতুন পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ করা হবে। পরে উন্নয়ন প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। গত ১১ জুন প্রকল্প যাচাই কমিটির সভায় এটি পর্যালোচনা করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপি পুনর্গঠন করে আবার মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

ওয়াসার মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর কয়েকটি এলাকায় পয়ঃসেবা আরও বিস্তৃত হবে। একই সঙ্গে পার্শ্ববর্তী লেকের দূষণ কমানোর সুযোগ তৈরি হবে। পরিবেশের মান উন্নয়নেও এটি সহায়ক হতে পারে। এসব কারণেই প্রকল্পটিকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থাও চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, দাশেরকান্দি পয়ঃশোধনাগার বর্তমানে বিভিন্ন এলাকার ডাইভারসন লাইন দিয়ে পরিচালিত হচ্ছে। বর্ষা মৌসুমে এটি পূর্ণ সক্ষমতায় চললেও শুষ্ক মৌসুমে সেই সক্ষমতা বজায় থাকে না। কারণ প্রয়োজনীয় পয়ঃবর্জ্য সংগ্রহ ব্যবস্থা এখনও সম্পূর্ণ গড়ে ওঠেনি। ফলে শোধনাগারের সক্ষমতার পুরো ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এই বাস্তবতায় ক্যাচমেন্ট এলাকায় নতুন স্যুয়ারেজ নেটওয়ার্ক নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সতর্ক মূল্যায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, ওয়াসার আগের কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও ব্যয় বৃদ্ধির অভিজ্ঞতা রয়েছে। তাই নতুন প্রকল্পটি সবুজ পাতায় অন্তর্ভুক্তির আগে বিস্তারিত যাচাই প্রয়োজন। পরবর্তী ধাপে পরিকল্পনা কমিশনে এলে ব্যয়ের যৌক্তিকতাও খতিয়ে দেখা উচিত। সময়মতো বাস্তবায়ন নিশ্চিত হলে রাজধানীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা