× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ দেওয়া কমিয়েছে বিদেশি ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১০:২২ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণ ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ ব্যাংক এই প্রবণতাকে সতর্ক ব্যবসায়িক কৌশলের প্রতিফলন হিসেবে দেখছে। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি নিয়ন্ত্রণে ব্যাংকগুলো তুলনামূলক সংযত অবস্থান নিয়েছে। তবে ঋণ কমলেও রপ্তানি অর্থায়ন এবং আর্থিক স্থিতিশীলতায় তাদের ভূমিকা শক্তিশালী রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘ফরেন ব্যাংকস অপারেশন ইন বাংলাদেশ

ট্রেন্ডস অ্যান্ড অপারেশনাল ইনসাইটস (জুলাই-ডিসেম্বর, ২০২৫)’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষে দেশে পরিচালিত নয়টি বিদেশি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়ায় ৪৬ হাজার ১২২ কোটি টাকা। এক বছর আগে এই পরিমাণ ছিল ৫১ হাজার ৯৭০ কোটি টাকা। ফলে এক বছরে ঋণ বিতরণ প্রায় ১১ শতাংশ কমেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বড় পতন দেখা গেছে বাণিজ্য ও ব্যবসা খাতে। ২০২৪ সালের শেষে এই খাতে বিদেশি ব্যাংকের ঋণ ছিল ১৫ হাজার ৬৯০ কোটি টাকা। ২০২৫ সালের শেষে তা কমে দাঁড়ায় ৯ হাজার ১১০ কোটি টাকায়। অর্থাৎ এই খাতে ঋণ ৪২ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের মতে, বাণিজ্য অর্থায়নের গতি শ্লথ হওয়া এবং পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে পোর্টফোলিও সমন্বয়ের প্রভাব এতে প্রতিফলিত হয়েছে। একই সময়ে নির্মাণ খাতেও ঋণ বিতরণ কমেছে।

অন্যদিকে শিল্প খাত বিদেশি ব্যাংকের প্রধান অর্থায়নপ্রাপ্ত খাত হিসাবেই অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালে শিল্প খাতে ঋণ আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ২৪ হাজার ২৬৫ কোটি টাকায় পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিমুখী উৎপাদন এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত শিল্পকে সমর্থন দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে বিদেশি ব্যাংকগুলো। ফলে সামগ্রিক ঋণ কমলেও শিল্প খাতে অর্থায়নের প্রবণতা ইতিবাচক ছিল।

কৃষি, মৎস্য ও বনজ খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এসব খাতে বিদেশি ব্যাংকের ঋণ এক বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়ে ১ হাজার ৬৬৮ কোটি টাকায় পৌঁছেছে। যদিও মোট ঋণ পোর্টফোলিওতে এই খাতগুলোর অংশ এখনও তুলনামূলক ছোট। এরপরও এই বৃদ্ধি খাতভিত্তিক অর্থায়নের বৈচিত্র্য বাড়ার একটি ইঙ্গিত হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে।

সামগ্রিকভাবে দেশের ব্যাংকিং খাতে বিদেশি ব্যাংকের ঋণের অংশও কমেছে। ২০২৪ সালের শেষে মোট ব্যাংক ঋণের ৩ শতাংশ বিদেশি ব্যাংকের হাতে থাকলেও ২০২৫ সালের শেষে তা কমে ২ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি দেশীয় ঋণ কার্যক্রমে বিদেশি ব্যাংকের অংশগ্রহণ কমার ইঙ্গিত দেয়। একই সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের চাপও তাদের কার্যক্রমে প্রভাব ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের শেষে সার্বিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার মোট স্থিতির ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। বিদেশি ব্যাংকের খেলাপি ঋণের হারও বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে যেখানে এই হার ছিল ৪ দশমিক ৯ শতাংশ, ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ৫ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে এই হার এখনও সার্বিক ব্যাংকিং খাতের তুলনায় অনেক কম রয়েছে।

ঋণ বিতরণ কমলেও বৈদেশিক বাণিজ্যে বিদেশি ব্যাংকের উপস্থিতি শক্তিশালী রয়েছে। ২০২৫ সালের শেষে দেশের মোট রপ্তানি আয় ব্যবস্থাপনায় তাদের অংশ প্রায় ১৯ শতাংশে স্থিতিশীল ছিল। আমদানি লেনদেনে তাদের অংশ ছিল ১৩ শতাংশ। বিশেষ করে বস্ত্র শিল্প, রপ্তানিমুখী উৎপাদনের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি এবং মধ্যবর্তী পণ্যের অর্থায়নে বিদেশি ব্যাংকের সক্রিয় ভূমিকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, রপ্তানিতে আমদানির তুলনায় বেশি অংশগ্রহণ বৈদেশিক মুদ্রা প্রবাহে ইতিবাচক অবদান রাখছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদেশি ব্যাংকগুলোর আমানতভিত্তি স্থিতিশীল ছিল এবং সম্পদের গুণগত মানও তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে। মোট ব্যাংকিং খাতের আমানতের প্রায় ৪ দশমিক ২ থেকে ৪ দশমিক ৬ শতাংশ তাদের নিয়ন্ত্রণে ছিল, যা ঋণের অংশের চেয়ে বেশি। 

আর্থিক ফলাফলেও ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ে বিদেশি ব্যাংকের নিট মুনাফা বেড়ে ৩ হাজার ৭৩৯ কোটি টাকায় পৌঁছায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৫৫৮ কোটি টাকা। একই সময়ে তারা মুনাফা হিসেবে বিদেশে পাঠিয়েছে ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা আগের বছরের ৫৭৭ কোটি টাকার দ্বিগুণেরও বেশি। তবে বাংলাদেশে পুনর্বিনিয়োগ করা আয় ৪ হাজার ৫৯৫ কোটি টাকা থেকে কমে ২ হাজার ৯৬ কোটি টাকায় নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, শক্তিশালী মূলধন, পর্যাপ্ত তারল্য, লাভজনকতা এবং তুলনামূলক কম খেলাপি ঋণের কারণে বিদেশি ব্যাংকগুলো আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা