বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে চিংফেং ঝাংকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বৃহস্পতিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বে চিংফেং ঝাং বাংলাদেশে এডিবির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনা করবেন।
পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার করা, বিভিন্ন অংশীজনের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, “বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এডিবি’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। গত কয়েক দশকে বাংলাদেশ সফল্ভাবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
“মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা জোরদার করা, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। আরও উন্নত অর্থায়ন পদ্ধতি, জ্ঞানভিত্তিক সমাধান এবং সফল বিনিয়োগের মাধ্যমে আমরা এ অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখব।”
টেকসই উন্নয়ন খাতে চিংফেং ঝাংয়ের রয়েছে তিন দশকেরও বেশি পেশাগত অভিজ্ঞতা। এর মধ্যে ২০ বছরের বেশি সময় তিনি এডিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে কৃষি, খাদ্যব্যবস্থা, পানি সম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে একাধিক রূপান্তরমূলক কর্মসূচি ও কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন।
পাশাপাশি সরকার, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
ওই পদে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও স্থিতিস্থাপক উন্নয়ন নিশ্চিত করতে সংস্থাটির বিভিন্ন কৌশলগত কার্যক্রমে নেতৃত্ব দেন।
গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিক চিংফেং ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে পিএইচডি, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন
এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভ করে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের চলমান অনুদান এবং প্রকল্প অর্থায়নের পরিমাণ প্রায় ১২.৫ বিলিয়ন ডলার, যা সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি।
এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য এডিবি প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে।
আগামী কয়েক বছরে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে সহায়তার লক্ষ্যে প্রতিবছর প্রায় ২.৪ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক উন্নয়নে কাজ করা একটি শীর্ষস্থানীয় বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বর্তমানে এর সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।