বাসস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম
ছবি: বাসস
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি দ্বিপক্ষীয় (জি-টু-জি) চুক্তির আওতায় ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য প্রায় ১৬ হাজার ৮৮৮ কোটি ৫২ লাখ টাকা মূল্যের পরিশোধিত জ্বালানি তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় এ সুপারিশ করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সমঝোতা অনুযায়ী নির্ধারিত প্রিমিয়াম, আমদানির পরিমাণ ও প্রচলিত সূচক মূল্য বিবেচনায় ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি ও ইন্দোনেশিয়ার বিএসপি থেকে সরকারি দ্বিপক্ষীয় (জি-টু-জি) চুক্তির আওতায় জ্বালানি তেল আমদানি করা হবে।