গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে নামিয়ে ‘নেতিবাচক’ করেছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত অনিশ্চয়তা, জ্বালানিবাজারের অস্থিরতা এবং বৈদেশিক খাতের বিভিন্ন ঝুঁকির কারণে আগামী ১২ থেকে ১৮ মাসে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি উল্লেখযোগ্যভাবে মন্থর হতে পারে। তবে দেশের দীর্ঘমেয়াদি ‘বি প্লাস’ এবং স্বল্পমেয়াদি ‘বি’ ঋণমান অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী তিন বছরে বাংলাদেশের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশের কাছাকাছি থাকতে পারে। দুর্বল ব্যাংক খাত, জ্বালানিবাজারের চলমান অনিশ্চয়তা এবং তৈরি পোশাক রপ্তানির বর্তমান পরিস্থিতি প্রবৃদ্ধির গতিকে বাধাগ্রস্ত করবে। মূলত ২০২৪ সালের রাজনৈতিক সংকটের অভিঘাত থেকে অর্থনীতি এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি, যার ওপর নতুন করে ব্যাংক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা বাড়তি চাপ তৈরি করছে।
অর্থনীতির সামগ্রিক বৈদেশিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি উল্লেখ করেছে, শক্তিশালী প্রবাসী আয়, তৈরি পোশাক খাতের আংশিক পুনরুদ্ধার এবং বহুপক্ষীয় ঋণদাতাদের সহায়তা বৈদেশিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখছে। নতুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্মসূচির সুবাদে রাজস্ব ও ব্যাংকিং খাতের সংস্কারকাজ দ্রুত বাস্তবায়ন হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে। ২০২৫-২৬ অর্থবছরে দেশের রিজার্ভ প্রায় ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং প্রবাসী আয় প্রায় ১৯ শতাংশ বেড়েছে।
তবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিকূলতার কারণে চলতি হিসাবের ঘাটতি কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা এখনও জিডিপির মাত্র ৮-৯ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যা দেশের আর্থিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম বড় বাধা। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এবং কর প্রশাসনের উন্নতির নানামুখী উদ্যোগ নেওয়া হলেও এসব ব্যবস্থার সুফল পেতে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
ব্যাংক খাত নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করে এসঅ্যান্ডপি জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ও ইসলামী ব্যাংকগুলোতে তীব্র মূলধন ঘাটতি এবং অতিরিক্ত খেলাপি ঋণের উপস্থিতি অর্থনীতির জন্য বড় হুমকি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে সম্মিলিত খেলাপি ঋণের হার প্রায় ৪০ শতাংশ ছুঁয়েছে, যা ইঙ্গিত দেয় যে, এসব ব্যাংকের পুনর্মূলধনীকরণে দীর্ঘ সময় প্রয়োজন হবে। ব্যাংকগুলোর সম্পদের নিম্নমানের কারণে বড় ধরনের পুনর্গঠন কার্যক্রম চললেও এর কোনো স্পষ্ট ইতিবাচক প্রভাব এখনও দৃশ্যমান হয়নি।
একই সঙ্গে বৈশ্বিক জ্বালানিবাজারের চরম অস্থিরতার কারণে দেশের বাজারে মূল্যস্ফীতি এখনও ঊর্ধ্বমুখী। জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যয় করার সামর্থ্য মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে ব্যক্তির ভোগ ব্যয় প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না এবং চাহিদা তৈরি না হওয়ায় অভ্যন্তরীণ ভোগভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারের চাকাও ঘুরছে না।
রপ্তানি খাতের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন শুল্কারোপের ঘোষণা দেয়। এর আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশের অধিকাংশ পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক বসতে পারে। দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল হওয়ায়, এই শুল্কজনিত অনিশ্চয়তা সামগ্রিক রপ্তানি বাণিজ্যকে বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।
আগামী দুই-তিন বছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি নাটকীয়ভাবে বাড়ার কোনো সম্ভাবনা দেখছে না আন্তর্জাতিক এই সংস্থাটি। যদি দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সমকক্ষ মাথাপিছু আয়ের দেশগুলোর নিচে নেমে যায় কিংবা বৈদেশিক খাতের অবস্থার আরও অবনতি ঘটে, তবে বাংলাদেশের ঋণমান আরও কমানো হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এছাড়া চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশানুরূপ না বাড়লে অর্থনীতির চাপ আরও ঘনীভূত হতে পারে।
সার্বিক পর্যালোচনায় বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বহুমুখী কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। যথাযথ সংস্কারের গতি ত্বরান্বিত না হলে এবং বৈদেশিক খাতের ঝুঁকিগুলো সফলভাবে মোকাবিলা করা না গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে উঠতে পারে।
ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করার অর্থ কী?
এর সহজ অর্থ হলো, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ওই দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটার বা ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সংস্থাটি মনে করছে, দেশটির ঋণ পরিশোধের সক্ষমতা বা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যতে আরও চাপের মুখে পড়তে পারে। তবে এর মানে এই নয় যে, দেশটির বর্তমান ঋণমান তাৎক্ষণিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে; বরং এটি একটি সতর্কবার্তা যে, ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হলে ঋণমান আরও কমে যেতে পারে।
এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে?
এই নেতিবাচক পূর্বাভাসের ফলে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে বেশকিছু সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। যেমন দেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক হলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ বা ঋণপত্র সংগ্রহ করা কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ে। বৈদেশিক বিনিয়োগকারীরা তখন দেশটিতে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করেন। ব্যাংক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি এবং জ্বালানিবাজারের অস্থিরতার কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আরও শ্লথ হয়ে যেতে পারে।
তৈরি পোশাক রপ্তানিতে শুল্কজনিত অনিশ্চয়তা এবং উচ্চ জ্বালানি ব্যয়ের কারণে আগামীতে চলতি হিসাবের ঘাটতি কিছুটা বাড়তে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং ক্রয়ক্ষমতা কমে। ফলে অভ্যন্তরীণ ভোগ ব্যয় ও নতুন বিনিয়োগের গতি আশানুরূপ বৃদ্ধি পায় না।