প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৮:৩৯ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশের ব্যাংকিং খাতের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধি ও তীব্র তারল্য সংকট এখন উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক ব্যাংকিং সেক্টর হালনাগাদ তথ্যনুযায়ী, দেশের অর্থনৈতিক কাঠামোর এই দুই বিশেষ খাতের প্রতিষ্ঠানগুলো বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। অতিরিক্ত ঋণ বিতরণ এবং দুর্বল ঋণ ব্যবস্থাপনার কারণে এসব ব্যাংকের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লেগেছে, যা দেশের সার্বিক আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য বড় একটি অশনিসংকেত হিসেবে দেখা দিচ্ছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ শেষে দেশের পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার বেড়ে ৫৮ দশমিক ৪ শতাংশে গিয়ে ঠেকেছে। অথচ ঠিক এক বছর আগে এই হার ছিল ২৯ দশমিক ২ শতাংশ, যা মাত্র বারো মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ।
অন্যদিকে, ২০১৩ সালে কার্যক্রম শুরু করা নয়টি চতুর্থ প্রজন্মের বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণের হারও ৫২ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ দশমিক ৪ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে, এই ব্যাংকগুলোতে ঋণ আদায়ে চরম ব্যর্থতা এবং সুশাসনের অভাব দিন দিন আরও ঘনীভূত হচ্ছে।
তীব্র তারল্য সংকটের পেছনে প্রধান ভূমিকা রাখছে এই ব্যাংকগুলোর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ঋণ বিতরণের প্রবণতা।
মার্চ মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর অ্যাডভান্স-টু-ডিপোজিট রেশিও বা এডিআর দাঁড়িয়েছে ১২০ দশমিক ৩ শতাংশে এবং চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর গড় এডিআর রয়েছে ১০১ দশমিক ৬ শতাংশ। এর বিপরীতে পুরো ব্যাংকিং খাতের গড় এডিআর বর্তমানে ৮২ দশমিক ৭ শতাংশের ঘরে অবস্থান করছে। আমানতের পরিমাণের তুলনায় অনেক বেশি ঋণ বিতরণ করায় এই ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তারা চাপের মুখে পড়েছে।
অতীতে এই সংকট উত্তরণের অংশ হিসেবে নানা অনিয়মের প্রেক্ষাপটে বেশ কয়েকটি দুর্বল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছিল। তা সত্ত্বেও কাঠামোগত দুর্বলতা এবং সীমিত তারল্য ব্যবস্থাপনা সক্ষমতার কারণে এসব ব্যাংক এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এর বিপরীতে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার মাত্র ৬ দশমিক ৩ শতাংশ এবং এডিআর ৫৩ দশমিক ৪ শতাংশের মতো সুরক্ষিত পর্যায়ে থাকায় তারা যথেষ্ট শক্তিশালী অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।
বর্তমান এই নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে না পারলে এবং এডিআর গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনতে না পারলে এই দুর্বলতা পুরো অর্থনীতির জন্য বড় ধরনের আর্থিক ঝুঁকি তৈরি করবে। তাই ভবিষ্যতের বড় অর্থনৈতিক বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অতি দ্রুত ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি সুশাসন ফিরিয়ে আনার বিকল্প নেই।