× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা

বাসস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২১:৩৩ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় সোমবার বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: পিআইডি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় সোমবার বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: পিআইডি

চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানা উৎপাদনে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় সোমবার বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানায় উৎপাদন শুরু করা। এই চ্যালেঞ্জ গ্রহণ করে চীনা ডেভেলপার প্রতিষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কারখানাটি উৎপাদনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বেও থাকা আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় অর্থনৈতিক অঞ্চলটির ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, শুরুতে ডেভেলপার প্রতিষ্ঠান জানায়, অর্থনৈতিক অঞ্চলটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে প্রথম কারখানায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে দেন। পরে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ওই সময়সীমার মধ্যেই উৎপাদন শুরু করার অঙ্গীকার করেন।

চীনা বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বেজা চেয়ারম্যান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্মানিত অতিথি। তারা বিনিয়োগের মাধ্যমে যেমন লাভবান হবেন, তেমনি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

তিনি স্থানীয় জনপ্রতিনিধি, আনোয়ারা ও চট্টগ্রামবাসীর প্রতি বিনিয়োগকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত চালু হলে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং স্থানীয় মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা যেকোনো সমস্যার সম্মুখীন হলে সরকার, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে তা সমাধানে কাজ করবে।

দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। বিদেশি বিনিয়োগের এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা