চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২১:১৫ পিএম
চট্টগ্রাম বন্দর। ছবি: বাসস
চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় পোর্ট টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ‘কিউটার্মিনালস’ এর প্রতিনিধি দল।
প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও মারকো নীলসেনের নেতৃত্বে সোমবার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বন্দর পরিদর্শন করেছে।
এ দিন বন্দর কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরে আগমন করে প্রথমে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে এক আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি বন্দরের প্রধান জেটি এলাকা, ইয়ার্ড এবং চলমান বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।
এ সময় তারা চট্টগ্রাম বন্দরের পোর্ট কমিউনিটি সিস্টেম, সিপিএ স্কাই, নিরাপত্তা ব্যবস্থা, বন্দরের ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে বর্তমান বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রাম বন্দরকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক মেরিটাইম হাব বা আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্টে রূপান্তর করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান, বাংলাদেশ সরকার বিশ্বমানের বিদেশি বিনিয়োগ ও দক্ষ প্রযুক্তিগত অংশীদারদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে, যাতে দেশের বন্দর খাত স্বচ্ছতা, গতিশীলতা এবং সর্বোচ্চ আন্তর্জাতিক কমপ্লায়েন্স বজায় রেখে পরিচালিত হতে পারে।
বৈঠকে কিউটার্মিনালস প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, বিশ্বমানের পোর্ট টার্মিনাল অপারেশন ও মেরিটাইম লজিস্টিকসে কিউটার্মিনালসের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বৈশ্বিক কৃতিত্ব রয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে এবং ভবিষ্যতে যেকোনো বিনিয়োগের সুযোগের বিষয়ে তারা অত্যন্ত আগ্রহী।