রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন। ফাইল ছবি
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’স্লোগানকে সামনে রেখে আজমপুরে পূবালী ব্যাংক পিএলসির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স প্রাঙ্গণে রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করা এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে”।
ডিজিটাল আর্থিক সেবার প্রসারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্যাশলেস আজমপুর’ উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ বাংলা কিউআর (Bangla QR) কোড স্ক্যান করে নিরাপদ, দ্রুত ও সহজে নগদ অর্থ ছাড়াই লেনদেন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি কাগজের নোটের অপচয়ও হ্রাস পাবে। একই সঙ্গে নিরাপদ ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ছিনতাইসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি থেকে সুরক্ষা পাবেন। এছাড়া ঘরে বসেই বিভিন্ন আর্থিক লেনদেন ও হিসাব পরিচালনা করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘পাই (Pi)’–এর বিভিন্ন সেবা, ক্যাশলেস লেনদেনের সুবিধা এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও অতিথিদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ক্যাশলেস ক্যাম্পেইন আজমপুর অঞ্চলে স্মার্ট আর্থিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিতে ডিজিটাল লেনদেনের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি, ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।