প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৯:১৬ পিএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক কাঠামোয় সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্কহারের আওতায় এসেছে বাংলাদেশ।
এতে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রধান প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানিকারক দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর ৩০১ ধারা অনুযায়ী জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৬০টি অর্থনীতির জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছে।
গত ২৩ জুলাই ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াশিংটন সময় শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। এর মাধ্যমে ট্রেড অ্যাক্টের ১২২ ধারা অনুযায়ী আগে আরোপিত অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হলো।
নতুন ব্যবস্থায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বিদ্যমান মোস্ট ফেভার্ড নেশন (এমএফএন) শুল্কের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে নতুন তালিকায় ৮৬টি দেশের মধ্যে মাত্র ১৭টি দেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কস্তরে স্থান পেয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই অবস্থান বাংলাদেশের জন্য ইতিবাচক। কারণ দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ক্ষেত্রে মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বজায় থাকবে। একই সঙ্গে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডকে সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় রাখা হয়েছে। ফলে এসব দেশের তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে বাড়তি বাণিজ্যিক সুবিধা পাবে।
এদিকে, বাংলাদেশসহ কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য তিন বছর মেয়াদি ট্যারিফ-রেট কোটা (টিআরকিউ) চালুর বিষয়টিও বিবেচনা করছে ইউএসটিআর। এই ব্যবস্থা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের তুলা ও বস্ত্র উপকরণ ব্যবহার করে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে ৩০১ ধারার অতিরিক্ত শুল্ক থেকে অব্যাহতি মিলতে পারে।
সরকারের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানিকারকরা আরও বড় প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বস্ত্র উপকরণের ব্যবহার বৃদ্ধি পাবে এবং মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়বে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করা, রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধি বজায় রাখা এবং বাণিজ্যিক নীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।