প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৪:৪৫ পিএম
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি প্রভাব ফেলেছে দেশের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সরকারি ভর্তুকি ব্যবস্থায়। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের জ্বালানি আমদানির ব্যয় এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে দেশের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সরকারি ভর্তুকি ব্যবস্থায়। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতির বিভিন্ন খাত একযোগে চাপের মুখে পড়তে পারে।
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের মোট জ্বালানি আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় বেড়েছে ৯৩ শতাংশ।
একই সময়ে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও লুব্রিক্যান্ট আমদানিতে ব্যয় দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এই খাতে ব্যয়ও এক বছরে ৮৪ শতাংশ বেড়েছে। আমদানির পরিমাণের সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ হয়নি। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রাক্কলন অনুযায়ী, গত অর্থবছরে দেশে জ্বালানি তেলের মোট চাহিদা ছিল প্রায় ৭৪ লাখ টন।
বিশ্বব্যাংকের জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করে। একই সঙ্গে দেশের গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশও বিদেশ থেকে আসে। আমদানিকৃত অপরিশোধিত তেলের ৬০ থেকে ৬৫ শতাংশ এবং এলএনজির ৫৫ থেকে ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে।
জুলাইয়ের শুরুতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আবারও বেড়েছে। এর ফলে বাংলাদেশের আমদানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। পেট্রোবাংলার এলএনজি সরবরাহের ছয়টি চুক্তির মধ্যে পাঁচটিই ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণার আওতায় পড়েছে।
একই সঙ্গে স্পট মার্কেটে এলএনজির দাম প্রতি এমএমবিটিইউ ২৪ থেকে ২৮ ডলারে পৌঁছেছে। আগের তুলনায় এই দাম দ্বিগুণেরও বেশি। এতে জ্বালানি আমদানির খরচ আরও বাড়তে পারে। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, চলতি অর্থবছরে জ্বালানি খাতের ভর্তুকি জিডিপির ২ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে মোট ভর্তুকি ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মধ্যে ছিল। এবার সেই ব্যয় বেড়ে ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। এর ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জরুরি সেবায় সরকারি ব্যয়ের ওপর চাপ সৃষ্টি হতে পারে।
গত মাসে সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শুধু তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের ভর্তুকি মেটাতেই ২০২৬ অর্থবছরে অতিরিক্ত ৪২ হাজার ৬০০ কোটি টাকা প্রয়োজন হবে। ফলে সরকারি ব্যয় ব্যবস্থাপনায় নতুন চাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।
সংঘাতের প্রভাব শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নেই। যুদ্ধের কারণে সার উৎপাদন ও সরবরাহেও বিঘ্ন ঘটেছে। ফলে সারের আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত সার আমদানিতে ব্যয় হয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় ৪৩ শতাংশ বেশি।
বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের কৃষি খাত আমদানিকৃত সারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে প্রতি হেক্টরে প্রায় ৩৯২ কেজি সার ব্যবহার হয়, যা বৈশ্বিক গড়ের দ্বিগুণের বেশি। ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপিসহ অধিকাংশ সারই বিদেশ থেকে আসে। অন্যদিকে গ্যাস সংকটের কারণে দেশের ছয়টি ইউরিয়া কারখানার মধ্যে পাঁচটি বর্তমানে বন্ধ রয়েছে।
এই পরিস্থিতিতে বাজারে ইউরিয়ার দাম ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। পরিস্থিতির উন্নতি না হলে দাম দ্বিগুণ হওয়ার ঝুঁকির কথাও বিশ্বব্যাংক উল্লেখ করেছে। সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান মনে করেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির পাশাপাশি জাহাজভাড়া, বিমা ব্যয়, পণ্য পরিবহন, রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তার মতে, আমদানি ব্যয় বাড়লে মূল্যস্ফীতি বাড়বে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হবে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমবে। সানেমের গবেষণায় দেখা গেছে, জ্বালানির উচ্চমূল্য, পরিবহন ব্যয় বৃদ্ধি, দুর্বল রপ্তানি ও প্রবাসী আয় কমে গেলে জিডিপি প্রায় ৩ শতাংশ কমতে পারে। একই সঙ্গে রপ্তানি প্রায় ৬ শতাংশ, প্রকৃত মজুরি ২ শতাংশের বেশি কমার আশঙ্কা রয়েছে। মূল্যস্ফীতি ৬ শতাংশেরও বেশি বাড়তে পারে।
অধ্যাপক সেলিম রায়হান মনে করেন, প্রয়োজনীয় জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিত করতে সরকারকে বিকল্প সরবরাহকারী ও পরিবহন রুট বিবেচনায় নিতে হবে। পাশাপাশি কৌশলগত মজুদ গড়ে তোলা এবং জরুরি আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, বিদ্যুৎ সঞ্চালনে সিস্টেম লস কমানো এবং দীর্ঘমেয়াদে আমদানিনির্ভরতা হ্রাসের উদ্যোগ ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।