× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিভিল এভিয়েশনকে বছরে ৫০০ কোটি টাকার রাজস্ব দিচ্ছে ইউএস-বাংলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ২২:৫৫ পিএম

দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান। ছবি: উইকিপিডিয়া

দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমান। ছবি: উইকিপিডিয়া

দেশের বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস সফলতার এক যুগ পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে। 

এ উপলক্ষে কক্সবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলার ১৩তম বছরে পদার্পণ শুধু একটি প্রতিষ্ঠানের বার্ষিকী নয়; বরং বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে একটি টেকসই, দায়িত্বশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাভিয়েশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ধারাবাহিক অগ্রযাত্রার প্রতিফলন।

তিনি বলেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ইউএস-বাংলার যাত্রা শুরু হয়। সীমিত পরিসরের সেই কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি এয়ারলাইনসে পরিণত হয়েছে। এ সাফল্যের পেছনে যাত্রীদের আস্থা, সরকারের নীতিগত সহায়তা, নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা, ব্যবসায়িক অংশীদারদের সমর্থন এবং চার হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৫টি আধুনিক উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০ এবং এআরটি ৬২-৬০০ উড়োজাহাজ। 

এই বহর নিয়ে সংস্থাটি দেশের ৬টি অভ্যন্তরীণ ও ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ১০০টি ফ্লাইটের মাধ্যমে হাজার হাজার যাত্রীকে নিরাপদ, নির্ভরযোগ্য ও সময়নিষ্ঠ সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, একটি এয়ারলাইনসের শক্তি শুধু উড়োজাহাজের সংখ্যার ওপর নির্ভর করে না; বরং নিরাপত্তা, সেবার মান, পরিচালন দক্ষতা এবং যাত্রী সন্তুষ্টির ওপর নির্ভরশীল। এ লক্ষ্য বাস্তবায়নে ইউএস-বাংলা বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে আইএটিএ ও আইওএসএ-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের নিরাপত্তা সংস্কৃতি, পরিচালন সক্ষমতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার প্রতিশ্রুতির স্বীকৃতি।

বিশেষ সেবার বিষয়ে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর ইউএস-বাংলাই প্রথম দেশীয় বিমান সংস্থা, যা চীনের কোনো গন্তব্যে, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে ১৫ মিনিটের মধ্যে লাগেজ সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে যাত্রীসেবায় নতুন মানদণ্ড স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। 

ইউএস-বাংলা ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না, বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে”—এই ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছে ইউএস-বাংলা।

জাতীয় অর্থনীতিতে অবদানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সিভিল এভিয়েশনকে বছরে ৫০০ কোটি টাকার রাজস্ব দিচ্ছে ইউএস-বাংলা।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ। এর মধ্যে থাকবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ এনজি। এটি বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতের অন্যতম বড় বহর সম্প্রসারণ কর্মসূচি। নতুন প্রজন্মের এসব উড়োজাহাজ জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে সক্ষম হবে।

বহর বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, মালয়েশিয়ার জোহর বাহরু ও পেনাংয়ে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির করপোরেট দর্শনের কথা তুলে ধরে তিনি আরও বলেন, “সেফটি ফার্স্ট, সার্ভিস এক্সিলেন্স, অপারেশনাল এফিশিয়েন্সি এবং সাসটেইনেবল গ্রোথ—এই চারটি নীতিকে সামনে রেখেই ইউএস-বাংলা পরিচালিত হচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত, বিনিয়োগ ও সেবার কেন্দ্রে রয়েছে যাত্রীদের স্বার্থ।”

তিনি যোগ করেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি শক্তিশালী জাতীয় বেসরকারি এয়ারলাইনস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ইউএস-বাংলা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক রুটে রাষ্ট্রীয় বিমান সংস্থা ও ইউএস-বাংলা সম্মিলিতভাবে প্রায় ২৫ শতাংশ মার্কেট শেয়ার ধারণ করছে, অন্যদিকে বিদেশি এয়ারলাইনসগুলোর দখলে রয়েছে প্রায় ৭৫ শতাংশ। এই পরিস্থিতিকে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মনে করেন, ইউএস-বাংলা বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রতিদিন প্রায় শতাধিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের অ্যাভিয়েশন খাতের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে।

১৩তম বছরে পদার্পণ উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আজকের এই অর্জনের দিনে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত যাত্রী, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার, বাংলাদেশ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দেশি-বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের বন্ধুদের। আপনাদের আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি বলেন, “আমাদের অঙ্গীকার—নিরাপত্তায় আপসহীন থেকে, আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে এবং প্রযুক্তিনির্ভর আধুনিক এয়ারলাইনস হিসেবে ইউএস-বাংলাকে আগামী দিনের বৈশ্বিক আকাশপথে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করা।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা