প্রবা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ১৯:৫৪ পিএম
সাসটেইনাবিলিটি সামিট ২০২৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাসটেইনাবিলিটি সামিট ২০২৬। এটি ছিল এই সামিটের ৪র্থ সংস্করণ।
ঢাকার একটি হোটেলের শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয় ।
আকিজ বশির গ্রুপের পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ-এর সহযোগিতায়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে দিনব্যাপী এই সম্মেলন হয়েছে।
এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
সামিটে ৩টি কি-নোট সেশন, ২টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ এবং একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাব এবং কমপ্লায়েন্স থেকে দায়িত্বশীল আচরণে উত্তরণের রূপরেখা তুলে ধরা হয়, যেখানে প্রাধান্য পায় টেকসইতা ও দায়িত্বশীল ব্যবসা কীভাবে ব্যবসায়িক মডেল পুনর্গঠন করছে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে এবং দেশের অগ্রগামী প্রতিষ্ঠানগুলোর কৌশলগত দৃষ্টিভঙ্গি নির্ধারণ করছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “টেকসইতা এখন আর বছরে একবার আলোচনা করে ফেলে রাখার মতো কোনো ধারণা নয়—এটি এমন একটি চর্চা, যা প্রতিটি ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের মূল সত্তায় প্রোথিত হওয়া প্রয়োজন। বাংলাদেশ যখন ২০৩০ সালের এসডিজি লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন দায়িত্বশীল ব্যবসা কোনো বিকল্প নয়—এটাই আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি। এখনই সময় দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবে এবং কমপ্লায়েন্স থেকে দায়িত্বশীল আচরণে উত্তরণের।”
সামিটের কি-নোট সেশনগুলোতে উঠে আসে বৈশ্বিক ও জাতীয় দৃষ্টিভঙ্গি। প্রধান অতিথি হিসেবে “সাসটেইনেবল ফাইন্যান্স: মোবিলাইজিং ক্যাপিটাল ফর বাংলাদেশ’স গ্রিন ট্রানজিশন” শীর্ষক কি-নোট বক্তব্য দেন মাসুদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তিনি দেশের কার্বন-নিঃসরণ হ্রাসমুখী রূপান্তরে পুঁজিবাজার ও সবুজ অর্থায়নের বিভিন্ন উপকরণ কীভাবে বিনিয়োগ প্রবাহ নিশ্চিত করতে পারে, তা তুলে ধরেন।
“দ্য নেক্সট ইভোলিউশন অব ক্যাপিটালিজম: বিজনেস, ব্র্যান্ডস এন্ড সাসটেইনেবল ভ্যালু ক্রিয়েশন” শীর্ষক ভার্চুয়াল কি-নোট সেশনে অংশ নেন প্রফেসর ফিলিপ কটলার, প্রফেসর ইমেরিটাস, কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি; এবং ড. খালিদ হাসান, প্রেসিডেন্ট, রেসইন্ট সাসটেইনেবিলিটি ইনস্টিটিউট, কানাডা।
উদ্দেশ্যনির্ভর অর্থনীতিতে ব্র্যান্ডগুলো কীভাবে দীর্ঘমেয়াদি ও অংশীদারিত্বমূলক মূল্য তৈরি করতে পারে, সে বিষয়ে আলোকপাত করেন তাঁরা। “হোয়াই সাসটেইনেবিলিটি ইজ দ্য নিউ গ্রোথ ইমপেরেটিভ” শীর্ষক কি-নোট বক্তব্যে ড. শ্রামন ঝা, চিফ এক্সিকিউটিভ অফিসার, হিন্দুস্তান ইউনিলিভার ফাউন্ডেশন উল্লেখ করেন, টেকসইতা এখন আর ব্যবসার প্রান্তিক বিষয় নয়—এটি প্রতিযোগিতামূলক সক্ষমতা ও প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।