× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্জিন বিধিমালা সংশোধন ও নতুন শেয়ারের অনুমোদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি: সুজন চৌধুরী

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি: সুজন চৌধুরী

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল, দক্ষ ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে লেনদেন ব্যবস্থায় ‘ইন্ট্রাডে ট্রেডিং’ চালুর প্রাথমিক সম্মতি। একই সাথে একটি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের আবেদন অনুমোদন করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের মার্জিন ঋণ বিধিমালার খসড়া সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে মঙ্গলবার কমিশন সভা অনুষ্ঠিত হয়। এটি বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বাধীন নতুন কমিশনের অনুমোদিত প্রথম কোয়ালিফাইড ইনভেস্টর অফার (আইকিউআইও)। কমিশনের মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার এই সিদ্ধান্তগুলো জানানো হয়।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার পিএলসিকে আইকিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে মোট ১২ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে। এই শেয়ার শুধু যোগ্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি তাদের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধ করবে। এছাড়া কারখানার জন্য খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল কেনা এবং আইকিউআইও-সংক্রান্ত ব্যয় মেটাতে এই অর্থ ব্যবহার করা হবে।

রয়্যাল ফুটওয়্যার পিএলসি যুক্তরাষ্ট্রের বিখ্যাত জুতা কোম্পানি রসকে জুতা সরবরাহ করে থাকে। কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পুনর্মূল্যায়নসহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ২৭.৫৪ টাকা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ১৫.৭৪ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি অর্ধ-বার্ষিক আয় বা ইপিএস ছিল ০.৮২ টাকা। এই ইস্যুতে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি। এছাড়া প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট ও ইসি সিকিউরিটিজ লিমিটেড যৌথভাবে আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করছে।

অন্যদিকে পুঁজিবাজারের লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক করতে চায় বিএসইসি। বাজারকে গতিশীল করার জন্য ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রেডে ট্রেডিং’ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি চালুর জন্য প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে। সব প্রস্তুতি নিশ্চিত করার সাপেক্ষে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে এই সম্মতি দেয়া হবে।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়া সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে। এই খসড়াটি খুব শিগগিরই জনমত যাচাইয়ের জন্য বিভিন্ন পত্রিকায় ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সাধারণ মানুষের মতামত নেওয়ার পর এই বিধিমালাটি চূড়ান্ত করা হবে।

একই সভায় একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির আবেদন মঞ্জুর করেছে কমিশন। সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’ পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর ১০ বছরের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদপূর্তির পর ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ফান্ডের অবলুপ্তির আবেদন জানায়। কমিশন এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এই ফান্ডের মোট মূলধন ছিল ১০৪.৩২ কোটি টাকা এবং প্রতি ইউনিটের ফেসভ্যালু ছিল ১০ টাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা