× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী ব্যাংকিংয়ে আমানত বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের ইসলামী ব্যাংকিং খাতে চলতি বছরের প্রথম প্রান্তিকে আমানত সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের পাশাপাশি প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডোতেও গ্রাহকের আমানত বেড়েছে। ফলে এক বছরের ব্যবধানে খাতটির আমানত প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় অনেক বেশি হয়েছে।

তবে এই প্রবৃদ্ধির মধ্যেও দেশের মোট ব্যাংকিং খাতের আমানতের তুলনায় ইসলামী ব্যাংকের বাজার অংশীদারত্ব সামান্য কমেছে।

বাংলাদেশ ব্যাংকের চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদনে দেখা যায়, মার্চ শেষে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার কোটি টাকা। এক বছর আগে যা ছিল ৪ লাখ ৪২ হাজার কোটি টাকা। এ হিসাবে বছরে আমানত বেড়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ। আগের বছরের একই সময়ে এই প্রবৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমানত বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডোগুলোও মোট আমানতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর ফলে ইসলামী ব্যাংকিং সেবায় প্রতিযোগিতা আরও বাড়ছে। তবে আমানত বাড়লেও দেশের মোট ব্যাংকিং খাতের আমানতের মধ্যে পূর্ণাঙ্গ ১০টি ইসলামী ব্যাংকের অংশ কমে ২৩ দশমিক ৬২ শতাংশে নেমেছে, যা এক বছর আগে ছিল ২৪ দশমিক ৩৬ শতাংশ।

আমানতের দিক থেকে সবচেয়ে বড় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর পর রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। আমানতের ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট আমানতের সবচেয়ে বড় অংশ এসেছে মুদারাবা মেয়াদি আমানত থেকে, যার অংশ ৫১ দশমিক ৩৫ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মুদারাবা সঞ্চয়ী আমানত, যার অংশ ১৯ দশমিক ২৯ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মতে, তুলনামূলক বেশি মুনাফার প্রত্যাশায় গ্রাহকদের একটি বড় অংশ মেয়াদি আমানতের দিকে ঝুঁকছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘমেয়াদি ও মুনাফাভিত্তিক আমানতের ওপর ইসলামী ব্যাংকগুলোর নির্ভরতা তহবিলের স্থিতিশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। তবে তারল্য সংকট দেখা দিলে বড় অঙ্কের অর্থ একসঙ্গে তুলে নেওয়ার চাপও তৈরি হতে পারে।

এদিকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় বিনিয়োগ বা ঋণ বিতরণও বেড়েছে। মার্চ শেষে এ খাতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৮৬ শতাংশ বেশি। দেশের মোট ব্যাংক ঋণের ২৯ দশমিক ৯ শতাংশই এসেছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থেকে। বিনিয়োগের ক্ষেত্রেও শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপর রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এতে বোঝা যায়, অর্থায়নের বড় অংশ এখনও কয়েকটি বড় প্রতিষ্ঠানের মধ্যেই কেন্দ্রীভূত।

খাতভিত্তিক বিনিয়োগ বিশ্লেষণে দেখা যায়, বড় শিল্পে গেছে মোট অর্থায়নের ৩৯ দশমিক ৯৭ শতাংশ এবং বাণিজ্য ও ব্যবসা খাতে ৩৩ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ ইসলামী ব্যাংকগুলো এখনও ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের তুলনায় শিল্প ও বাণিজ্য খাতেই বেশি গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে প্রকৃত মুনাফা-লোকসান ভাগাভাগিভিত্তিক মুশারাকা ও মুদারাবা পদ্ধতিতে অর্থায়নের পরিমাণ খুবই সীমিত বলে কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষণ করেছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, ইসলামী ব্যাংকগুলোকে মুশারাকা ও মুদারাবাভিত্তিক অর্থায়নে আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন নতুন আর্থিক পণ্য চালুর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে গ্রামীণ এলাকায় সেবা সম্প্রসারণ, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় অর্থায়ন বৃদ্ধি এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, নারী উদ্যোক্তা ও সরকারি সংস্থার আর্থিক চাহিদা পূরণে আরও সক্রিয় হওয়ার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ইসলামী ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা