× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরবঙ্গের কৃষিতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১১:০৬ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১১:২৮ এএম

উত্তরবঙ্গের কৃষিতে বিশেষ তহবিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরবঙ্গের কৃষিতে বিশেষ তহবিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন এ তহবিলের মাধ্যমে কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানির পুরো শৃঙ্খলে অর্থায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এর মাধ্যমে কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরবঙ্গের অর্থনৈতিক সম্ভাবনার আরও কার্যকর ব্যবহার সম্ভব হবে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা নীতিমালা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এই পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ হবে তিন বছর। তহবিলের সুবিধা কেবল রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোর জন্য সংরক্ষিত থাকবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করে এ তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে।

নীতিমালায় বলা হয়েছে, উত্তরবঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ, মূল্য সংযোজন, অবকাঠামো উন্নয়ন এবং কৃষিভিত্তিক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে এ অর্থায়ন ব্যবহার করা হবে। একই সঙ্গে রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করাও তহবিলের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ এলাকায় আয় ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তহবিলের অর্থ চারটি প্রধান খাতে বরাদ্দ করা হয়েছে। কৃষি উৎপাদনের জন্য ১৫ শতাংশ, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো উন্নয়নে ৩৫ শতাংশ, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ৩৫ শতাংশ এবং কৃষিপণ্য রপ্তানিতে ১৫ শতাংশ অর্থ বরাদ্দ থাকবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে এ বরাদ্দের হার সমন্বয়ের সুযোগও রাখা হয়েছে।

গ্রাহক পর্যায়ে ঋণের সীমাও খাতভেদে নির্ধারণ করা হয়েছে। কৃষি উৎপাদনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা, সংরক্ষণ ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ৪০ কোটি টাকা, কৃষিভিত্তিক উৎপাদন ও প্রক্রিয়াজাত শিল্পে সর্বোচ্চ ৪০ কোটি টাকা এবং রপ্তানি খাতে সর্বোচ্চ ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। বাস্তব চাহিদার ভিত্তিতে ব্যাংকগুলো নির্ধারিত সীমার ২০ শতাংশ পর্যন্ত সমন্বয় করতে পারবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। তবে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফা হারে ঋণ দেওয়া যাবে। প্রচলিত নীতিমালা অনুযায়ী ঋণের ব্যবহার, তদারকি ও আদায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঋণের অপব্যবহার বা নির্ধারিত হারের বেশি সুদ আদায়ের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

নীতিমালায় নারী ও প্রান্তিক কৃষকদের অর্থায়ন সহজ করতে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে খেলাপি ঋণগ্রহীতারা এ তহবিলের আওতায় অর্থায়নের যোগ্য হবেন না। এ ছাড়া এ তহবিলের অর্থ দিয়ে পুরনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা বিদ্যমান ঋণ পরিশোধ করা যাবে না। সব অর্থায়ন নতুন ঋণ হিসেবে বিতরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোকে সার্কুলার জারির ৪৫ কর্মদিবসের মধ্যে অংশগ্রহণ চুক্তি সম্পন্ন করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ, ব্যবহার ও আদায়ের ওপর নিয়মিত প্রতিবেদন দাখিল এবং নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে তহবিলের কার্যকারিতা মূল্যায়ন করবে। এর মাধ্যমে উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিতে বিনিয়োগ ও মূল্য সংযোজন বাড়িয়ে একটি টেকসই কৃষি-শিল্পভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা