প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সোমবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সোমবার ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেছেন, “ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে, মানুষের সেবা প্রাপ্তি সহজ করতে, স্বচ্ছতা বাড়াতে এবং খরচ ও সময়ের সাশ্রয় করতে এক মুহূর্ত সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিকায় দেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করতে হবে”।
তিনি বলেন, “ডিজিটাল প্রযুক্তির মূল লক্ষ্য হলো সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। আমরা যে বাজেট প্রণয়ন করেছি, তাতে দেশের প্রতিটি স্তরের মানুষকে-এমনকি সাধারণ কারিগর, শিল্পী ও গায়কদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রাকে সফল করতে হলে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নাগরিকদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করতে সরকার বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে”।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।