× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যানে বাড়ছে ফি

নিত্যপণ্যের দাম বাড়ার শঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে চলাচলকারী সব ধরনের যানবাহনের ফি ও চার্জ বাড়িয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন সেবার ফি সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। আগামী ১ জুলাই থেকে নতুন এই সংশোধিত হার কার্যকর হবে।

পরিবহন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বলছেন, এতে খাদ্যপণ্য থেকে শুরু করে নির্মাণসামগ্রী পর্যন্ত সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের পরিবহন ব্যয় বাড়বে। ফলে সাধারণ ভোক্তার ওপর বাড়তি খরচের চাপ তৈরি হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিআইডব্লিউটিএ-এর বিভিন্ন সেবার ফি বাড়ানো হয়েছে। এখন থেকে কার্গো জাহাজ, বাল্কহেড ও মাছ ধরার নৌকাকে প্রতি গ্রস টনে সংরক্ষণ ফি দিতে হবে ১০০ টাকা। বর্তমানে এই ফি ৪০ টাকা। লঞ্চ মালিকদের প্রতি যাত্রীর বিপরীতে বার্ষিক সংরক্ষণ ফি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। এ ছাড়া প্রতি আট ঘণ্টার পাইলটেজ ফি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। ২০১৯ সালের পর এবারই প্রথম এসব ফি বাড়ানো হলো। এর মধ্যে সব ধরনের নৌযানের বার্থিং ও মুরিং চার্জও রয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন লঞ্চ মালিকেরা। 

তারা বলছেন, পদ্মা সেতু চালুর পর তারা অনেক যাত্রী হারিয়েছেন। যাত্রীসংকটে তারা এখন লোকসান গুনছেন। এই অবস্থায় ফি বাড়ানো হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। যাত্রী কমে যাওয়ায় তারা এখন সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম ভাড়া নিচ্ছেন। তাই বাড়তি চার্জের বোঝা তারা বইতে পারবেন না।

একই আশঙ্কা প্রকাশ করেছেন কার্গো জাহাজ ও তেলবাহী ট্যাংকার মালিকেরা। বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের প্রভাব সবার ওপর পড়বে। তারা ভাড়া বাড়াতে বাধ্য হবেন। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সিংহভাগ পণ্য আমদানি হয়। মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে লাইটার জাহাজে দেশের বিভিন্ন গন্তব্যে নেওয়া হয়। গম, লবণ, ডাল, পাথর ও সিমেন্টের কাঁচামালসহ অনেক পণ্য এই নৌপথে পরিবহন করা হয়। ফলে সব পণ্যের খরচ বাড়বে।

ব্যবসায়ীরা জানান, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রায় ৯০ শতাংশই নৌপথে পরিবহন করা হয়। নতুন নিয়মে গম, ডাল, সয়াবিন ও ভুট্টা পরিবহনে প্রতি টনে ৩৬ টাকা পর্যন্ত খরচ বাড়তে পারে। লাইটার জাহাজে করে এসব পণ্য বরিশাল বা আশুগঞ্জে পাঠাতে বাড়তি ব্যয় হবে। এই ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদেরই বহন করতে হবে।

আবাসন ও নির্মাণ খাতের সংশ্লিষ্টরাও চিন্তিত। সিমেন্ট কোম্পানির এক কর্মকর্তা জানান, নতুন ফি-র কারণে প্রতি বস্তা সিমেন্টের উৎপাদন ব্যয় ৩ টাকার বেশি বেড়ে যাবে। 

সংশ্লিষ্টরা জানান, বাজারে এখন নির্মাণকাজের মন্দা চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে খাতটি এমনিতেই চাপে আছে। এই অবস্থায় নৌপথের ব্যয় বৃদ্ধি সরবরাহ ব্যবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।

দেশের অর্থনীতিতে এই চাপ এমন সময়ে এলো যখন মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংক দীর্ঘ দেড় বছর ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে। তা সত্ত্বেও তিন বছরেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি ৮ শতাংশের উপরে রয়েছে। এর পাশাপাশি বড় বড় শিল্প গ্রুপ এখন নিজস্ব জাহাজ ব্যবহার করায় সাধারণ অপারেটরদের ব্যবসা কমে গেছে। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন চালুর ফলে তেলবাহী ট্যাংকারগুলোর ব্যবসাও প্রায় ৪৫ শতাংশ কমে গেছে। সব মিলিয়ে নৌ-খাতের এই ব্যয় বৃদ্ধি দেশের সামগ্রিক বাজার ও সাধারণ মানুষের জীবনযাত্রার খরচকে আরও বাড়িয়ে দেবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা