চীনের বেইজিংয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
চীনের সঙ্গে আরও গভীর শিল্প ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন বাংলাদেশ বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
চীনের বেইজিংয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) দিয়াওইউতাই হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ অনুষ্ঠানে চীনের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন।
সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, নীতিগত সুবিধা এবং ব্যবসায়িক সুযোগ তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও উৎপাদনভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের জন্য চীনা কোম্পানিগুলোর সামনে ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি দেশটির বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের বিনিয়োগ এবং ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
এ পরিকল্পনার আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি চীনা বিনিয়োগকারীদের জন্য সেবা সহজতর করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালু করা হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।