ইউরিয়া সার। ফাইল ছবি
দেশে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ইউরিয়া সার ও শিল্পখাতের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া থেকে প্রায় ৭০৫ কোটি টাকার সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
সচিবালয়ের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে ৭০৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৯৭৮ টাকার তিনটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৪৮ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৩০০ টাকা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি (স্থানীয় এজেন্ট: আইবেডিটা ট্রেডিং, ঢাকা) প্রতিষ্ঠান থেকে এই সার আমদানি করা হবে।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০৭ দশমিক ০১ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি মূল্য ৬০০ দশমিক ৮৩ ডলার, ফ্রেইট চার্জ ৭৫ ডলার এবং ব্যাগ, ব্যাগিং ও স্থানীয় পরিবহন ব্যয় ৩১ দশমিক ১৮ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
একই বৈঠকে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৫-২৬ অর্থবছরের ১৯তম লটের ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৮৫ কোটি ১৩ লাখ ৭ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ দশমিক ৮৩ মার্কিন ডলার।
এছাড়া টিএসপিসিএল-এর জন্য ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৭১ কোটি ১ লাখ ২ হাজার ২৪০ টাকা।
প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন সালফারের মূল্য ধরা হয়েছে ৮০০ মার্কিন ডলার। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফ্যাবসকো কনস্ট্রাকশন লিমিটেড, সেশেলস থেকে সালফার আমদানি করা হবে। প্রতিষ্ঠানটি তাইওয়ান, তুর্কমেনিস্তান, নরওয়ে, কাজাখস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সালফার সরবরাহ করবে।