বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার রাতে ‘বন্ধ শিল্প ও সেবা খাত-সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিম’ নীতিমালা জারি করেছে। ছবি: রয়টার্স
অর্থনীতিতে গতি সঞ্চার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ এবং আংশিক চালু থাকা কলকারখানাগুলো পুরোপুরি সচল করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক্-অর্থায়ন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
এই বিশেষ তহবিল থেকে বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ৭% সুদে ২০০ কোটি টাকার ঋণ নিতে পারবে। অর্থাৎ বিদ্যমান বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক সুদে চলতি মূলধন ঋণ নেওয়ার সুযোগ পাবে।
কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার রাতে এই সংক্রান্ত ‘বন্ধ শিল্প ও সেবা খাত-সহায়ক প্রাক্-অর্থায়ন স্কিম’ নীতিমালা জারি করেছে।
এর আগে গত ২৩ মে বন্ধ কলকারখানা চালুসহ দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙা করার উদ্দেশ্যে ৬০ হাজার কোটি টাকার বিশাল তহবিল গঠনের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে এই ২০ হাজার কোটি টাকার বিশেষ নীতিমালার আনুষ্ঠানিক প্রকাশ ।
বর্তমানে দেশের ব্যাংকিং খাতে ঋণের সুদের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে শিল্পোদ্যোক্তাদের স্বস্তি দিতে এই তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব উৎস থেকে এই প্রাক্-অর্থায়ন তহবিল গঠন করেছে, যেখান থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো মাত্র ৪ শতাংশ সুদে অর্থ নিতে পারবে।
দেশের সব ব্যাংকের জন্যই এই তহবিল থেকে অর্থ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এই সময়োচিত উদ্যোগের ফলে অনেক বন্ধ কারখানা আবার উৎপাদনে ফিরতে পারবে এবং শিল্প খাতে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।