প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:১০ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের সংগঠন জি-৭ নির্ধারণ করে দিয়েছে গ্যাসের মূল্যসীমা। তবে এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন পরিস্থিতির মধ্যেই ইউরোপকে পুনরায় গ্যাস সরবরাহের ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ইউরোপের সংকট নিরসনে ইয়ামাল-ইউরোপ পাইপলাইনে আবার গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থায় ইয়ামাল-ইউরোপ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। এটি এখনও অব্যবহৃত অবস্থায় রয়েছে। তবে ইউরোপের বাজার অনেকটা রাশিয়ানির্ভর হওয়ায় গ্যাসের ঘাটতি মেটাতে পুনরায় সরবরাহ শুরুর সুযোগ রয়েছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছে আলেকজান্ডার নোভাক।
রাশিয়া থেকে পোল্যান্ডের গ্যাস কেনা স্থগিত হওয়ার কারণে ইয়ামাল-ইউরোপ পাইপলাইনটি গত বছরের ডিসেম্বর থেকে অনেকটা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই পাইপলাইনটি সাধারণত পশ্চিমে গ্যাস সরবরাহ করার জন্য ব্যবহৃত হতো।
রাশিয়ার গ্যাস সরবরাহ পুনরায় চালুর বিষয়ে দেশটির সরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম জানায়, গ্যাস সরবরাহ বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলা অবস্থায় কোনো প্রতিষ্ঠান পোল্যান্ডের মাধ্যমে গ্যাস রপ্তানি করতে পারবে না। তবে এ বিষয়ে উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, পোল্যান্ডে একটি হাব তৈরির পর তুরস্কে অতিরিক্ত গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা করা হবে।