× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশি ঋণের অর্থছাড় কম, পরিশোধ বেশি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম

বিদেশি ঋণের অর্থছাড় কম, পরিশোধ বেশি

বৈদেশিক ঋণের সংকট কাটিয়ে উঠতে পারছে না সরকার। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পূর্বের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে গিয়ে দেশের অর্থনীতি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। বিপরীতে নতুন ঋণের প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুত ঋণের অর্থছাড় কমে গেছে। যার ফলে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নও অনেকটা থমকে গেছে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) প্রতিশ্রুত ঋণের অর্থ পাওয়া গেছে ২৬৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। বিপরীতে সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে ২৬৭ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ যে পরিমাণ ঋণ পাওয়া গেছে তার চেয়ে বেশি অর্থ সুদ ও আসল পরিশোধে ব্যয় হয়েছে। 

ইআরডির কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্পে বিদেশি ঋণ নেওয়া হয়েছিল। এসব প্রকল্পের বেশিরভাগ অর্থই অপচয় হয়েছে বা জনস্বার্থে তেমন কাজে লাগেনি। যেগুলোর গ্রেস পিরিয়ড সম্প্রতি সময়ে শেষ হয়েছে। যার ফলে ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ বেড়েছে। 

ঋণ শোধ বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে ৩২ হাজার ৬৬৭ কোটি টাকা। যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২৯ হাজার ৫ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে পরিশোধ বেড়েছে ৩ হাজার ৬৬২ কোটি টাকা। 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ঋণের আসল পরিশোধ করা হয়েছে ২১ হাজার ৭৯৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ হয়েছিল ১৮ হাজার ৫২৪ কোটি টাকা। 

ঋণের সুদ পরিশোধও বেড়েছে গত অর্থবছরের তুলনায়। চলতি অর্থবছরে ঋণের সুদ পরিশোধ করা হয়েছে ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে পরিশোধ করা হয়েছিল ১০ হাজার ৪৮০ কোটি টাকা। 

ঋণের অর্থছাড় কমেছে

চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রতিশ্রুত ঋণের অর্থছাড় হয়েছে ২৬৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে ঋণ হিসেবে পাওয়া গেছে ২৩৯ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ২৪ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। 

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে অর্থছাড় হয়েছিল ৩৯৩ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে ঋণ হিসেবে পাওয়া গিয়েছিল ৩৬৬ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার। আর অনুদান হিসেবে এসেছিল ২৭ কোটি ৪৯ লাখ ২০ হাজার ডলার। 

ঋণ প্রতিশ্রুতি কমেছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে গত অর্থবছরের তুলনায় ঋণ প্রতিশ্রুতি কমেছে। অর্থবছরে এখন পর্যন্ত ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে ২২৭ কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি ছিল ২৩৫ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার। 

প্রতিশ্রুতির মধ্যে চলতি অর্থবছরে ঋণ রয়েছে ২১৪ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ডলার। অনুদানের পরিমাণ ১৩ কোটি ৬ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের ৭ মাসে ঋণ প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ২০৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ডলার। আর অনুদান প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। 

অর্থছাড়ে শীর্ষে রাশিয়া

অর্থছাড়ের দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তারা এই সময়ে ৫৭ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার ছাড় করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বিশ্বব্যাংক দিয়েছে ৫৫ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার, চীন ২২ কোটি ৪ লাখ ৫০ হাজার, জাপান ১৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার এবং ভারত ১১ কোটি ৮৩ লাখ ৯০ হাজার ডলার ছাড় করেছে।

তবে প্রতিশ্রুতির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এডিবি। সংস্থাটি চলতি অর্থবছরে প্রথম ৭ মাসে সর্বোচ্চ ১০২ কোটি ৬৯ লাখ ডলারের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ৩৯ কোটি ১৪ লাখ ২০ হাজার এবং বিশ্বব্যাংক ২৬ কোটি ৫৫ লাখ ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা