× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডিপি প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৩ পিএম

জিডিপি প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

দেশের অর্থনীতিতে মন্দার ধারা আরও স্পষ্ট হলো। টানা তৃতীয় বছরের মতো কমে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশে, যা করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে এই তথ্য উঠে এসেছে। 

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপি ধরা হয়েছিল ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা। চূড়ান্ত হিসাবে তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি কমেছে প্রায় ৩৭ হাজার ৭১৭ কোটি টাকা।

ডলার হিসাবে চূড়ান্ত জিডিপি দাঁড়িয়েছে ৪৫৬ বিলিয়ন ডলার। ডলারপ্রতি ১২০ টাকা ৮২ পয়সা হিসেবে এ অঙ্ক নির্ধারণ করা হয়েছে। সাময়িক হিসাবের তুলনায় প্রবৃদ্ধি কমেছে ৪৮ বেসিস পয়েন্ট।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ছিল ৭.১০ শতাংশ। করোনার সময় ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। বর্তমান প্রবৃদ্ধি আবার সেই স্তরের কাছাকাছি নেমে এসেছে।

খাতভিত্তিক চিত্র

চূড়ান্ত হিসাবে দেখা গেছে, গত অর্থবছরে কৃষি ও সেবা খাতের প্রবৃদ্ধি কমেছে, তবে শিল্প খাতে তুলনামূলক ভালো অগ্রগতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের বছরের ৩ দশমিক ৩০ শতাংশের তুলনায় কম। এক বছরে এই খাতে প্রবৃদ্ধি কমেছে ০ দশমিক ৮৮ শতাংশ। 

শিল্প খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৭১ শতাংশ। আগের বছর ছিল ৩ দশমিক ৫১ শতাংশ। ফলে এ খাতে ০ দশমিক ২০ শতাংশ পয়েন্ট উন্নতি হয়েছে। 

এ ছাড়া সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৩৫ শতাংশ, যা আগের বছরের ৫ দশমিক ০৯ শতাংশের তুলনায় কম। এক বছরে কমেছে ০ দশমিক ৭৪ শতাংশ।

জিডিপির তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগ ও সঞ্চয় কমেছে। প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বিনিয়োগ হয়েছে ২৮ দশমিক ৫৪ শতাংশ, দেশজ সঞ্চয় ২১ দশমিক ৯৮ শতাংশ এবং জাতীয় সঞ্চয়ের অনুপাত দাঁড়িয়েছে ২৭ দশমিক ৬৭ শতাংশ; যা ২০২৩-২৪ অর্থবছরের যথাক্রমে ছিলÑ ৩০ দশমিক ৭০ শতাংশ, ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং ২৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় বিনিয়োগ কমেছে ২ দশমিক ১৬ শতাংশ, দেশজ সঞ্চয় কমেছে ১.৯৮ শতাংশ এবং জাতীয় সঞ্চয় কমেছে ০ দশমিক ৭৫ শতাংশ।

মাথাপিছু আয়

চূড়ান্ত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা বা ২ হাজার ৭৬৯ ডলার। সাময়িক হিসেবে মাথাপিছু আয় নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা। অর্থাৎ ৫ হাজার টাকা করে মাথাপিছু আয় কমেছে। 

আগের বছর ২০২৩-২৪ সালে চূড়ান্ত মাথাপিছু আয়ের হার ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা বা ২ হাজার ৭৩৮ ডলার। অর্থাৎ এক বছরে মাথাপিছু আয় বেড়েছে ৩০ হাজার ৪০৯ টাকা বা ৩১ ডলার।

বিবিএস দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থসামাজিক বিষয়াদি প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে। তন্মধ্যে স্থূল দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। এর আগে সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে চূড়ান্তভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা