প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২ পিএম
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে লিজ চুক্তি করেছে। এই বিনিয়োগের মাধ্যমে প্রায় ৯০৬ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে।
প্রতিষ্ঠানটি ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, স্টিল ফ্রেম ও এক্সেসরিজ উৎপাদনের কারখানা করবে। কারখানায় আধুনিক বাথটাব, যাকুজ্জি, প্যানেল ট্যাংকসহ বিভিন্ন ধরনের ফাইবার রিইনফোর্সড পলিমার কম্পোজিট পণ্য, সংশ্লিষ্ট এক্সেসরিজ, মোল্ড ও প্যাটার্ন উৎপাদন করা হবে। বছরে ৬ হাজার ১৭৪ টন পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির, যার অধিকাংশই দুবাইয়ে রপ্তানি হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইন্টিগ্রেটেড কম্পোজিটের চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্প স্থাপনে দ্রুত সেবা প্রদান ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা বদ্ধপরিকর। তিনি ভিন্নধর্মী ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের নতুন ও অপ্রচলিত পণ্য দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।
কামরুল হাসান চৌধুরী বেপজার বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ক্রমেই বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হচ্ছে। তিনি দ্রুত কারখানা নির্মাণ ও উৎপাদন কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।