বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২ পিএম
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: বিএনপি মিডিয়া সেল থেকে
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার থেকেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
মন্ত্রী বলেন, আমরা এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চাই। এ নিয়ে কাজ শুরু করেছি। এটার জন্য যে যে কাজ করা দরকার, আমরা করব।
তিনি জানান, এ প্রক্রিয়াটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হলেও এ বিষয়ে সমন্বয় করবে ইকোনোমিক রিলেশনস ডিভিশন (ইআরডি)। আমরা ইআরডির সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজটি সম্পন্ন করব, যোগ করেন তিনি।
একই সঙ্গে দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির—বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিনি।