বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১ পিএম
বাংলাদেশর নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য—এখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রতিটি মানুষের অর্থনীতিতে অংশগ্রহণ ও সুফল ভোগের সমান সুযোগ থাকতে হবে।
সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বুধবার প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এগুলোকে পুনরুদ্ধার করাই এখন প্রধান অগ্রাধিকার।
তার ভাষায়, প্রথমে আমাদের ইনস্টিটিউশনগুলো রিকভার করতে হবে। সেখানে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও এফিশিয়েন্সি আনতে হবে। এগুলো না থাকলে যত বড় কর্মসূচিই নেওয়া হোক, তা কার্যকর হবে না। এটি এক নম্বর অগ্রাধিকার।

দ্বিতীয়ত, তিনি অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দেন। বলেন, “একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি না। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে।
“লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়।”
তৃতীয়ত, দীর্ঘদিনের পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতির কারণে দেশ এখন ‘ওভার রেগুলেটেড’ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে বের হতে হলে গুরুতর ডিরেগুলেশন প্রয়োজন।
তার ভাষায়, “এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হয়েছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে।”
তিনি আরও বলেন, “অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, সে পদক্ষেপ নিব।”