× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২২ পিএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। ছবি: বাসস

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। ছবি: বাসস

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার কাজ বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে দুবাইভিত্তিক বৈশ্বিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-এর হাতে যাচ্ছে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এমন ইঙ্গিত দিয়েছেন।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান বলেন, “ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশ পক্ষকে চিঠি দিয়ে চলমান আলোচনার অগ্রগতির প্রশংসা করলেও খসড়া কনসেশন চুক্তি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে। ফলে বাস্তবতায় এই সরকারের মেয়াদ ও আসন্ন নির্বাচন অতিক্রম করে পরবর্তী সরকারের সময়ে এই আলোচনাটি এগোতে পারে”।

চৌধুরী আশিক বলেন, “ডিপি ওয়ার্ল্ড আমাদের জানিয়েছে যে তারা ড্রাফট কনসেশন অ্যাগ্রিমেন্ট গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে রিভিউ করবে। তারা কিছু সময় চেয়েছে। বাস্তবিকভাবে দেখলে, হাতে খুব বেশি কার্যদিবস নেই”।

চট্টগ্রাম বন্দর প্রকল্পে পিপিপি অথরিটির ভূমিকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে গিয়ে বিডা চেয়ারম্যান বলেন, “এটি কোনো বাণিজ্যিক অংশীদারিত্ব নয়; বরং পুরো আলোচনাটি ফ্যাসিলিটেট করার দায়িত্ব পিপিপি অথরিটির”। 

তার ভাষায়, জি-টু-জি নেগোসিয়েশনের ক্ষেত্রে প্রথমে দুই দেশের সরকারের মধ্যে এমওইউ সই হয়। এরপর সংশ্লিষ্ট সরকারি সংস্থা— এই ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ— এবং অপর দেশের মনোনীত কোম্পানির মধ্যে প্রজেক্ট-স্পেসিফিক পিপিপি আলোচনা শুরু হয়। পিপিপি অথরিটি সেখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে।

চৌধুরী আশিক বিন হারুন আরও জানান, ডিপি ওয়ার্ল্ড একটি সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং আলোচনার প্রতিটি ধাপে সরকারিভাবে সমন্বয় করা হচ্ছে। 

বিডা চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল প্রকল্প নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা শুরু হয় ২০১৯ সালে। তবে গত এক মাসে এসে আলোচনাটি চূড়ান্ত ও সবচেয়ে নিবিড় পর্যায়ে পৌঁছায়।

তিনি আরও বলেন, “গত এক মাসে সরকারের বিভিন্ন স্তরে খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে। কিন্তু এমন একটি বড় কনসেশন চুক্তি চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন হওয়াটা স্বাভাবিক”।

চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ভবিষ্যতে আলোচনাটি ‘সঠিক দিকে’ এগোবে বলে আশাবাদ প্রকাশ করেছে উল্লেখ করে চৌধুরী আশিক বলেন, “এই সরকারের সময় চুক্তি না হলেও আলোচনা থেমে যাচ্ছে না। নেগোসিয়েশন কন্টিনিউ করবে। সম্ভবত নির্বাচন পরবর্তী সময়ে পরবর্তী সরকার এটি এগিয়ে নেবে”।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বন্দর অবকাঠামো প্রকল্পগুলোর একটি। এ নিয়ে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নীতিগত আলোচনার কেন্দ্রে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা